মুম্বাইয়ের বাড়ি থেকে বের করে দেওয়া হল বড় ছেলেকে! সম্পত্তি নিয়ে মামলার রায়ে ট্রাইব্যুনালের ক্ষমতায় সিলমোহর দিল সুপ্রিম কোর্ট!

সম্পত্তির অধিকার এবং বৃদ্ধ বাবা-মায়ের দেখভাল নিয়ে দায়ের হওয়া একটি মামলায় কড়া পর্যবেক্ষণ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বৃদ্ধ বয়সে বাবা-মাকে সঠিকভাবে দেখাশোনা না করলে ছেলে-মেয়েরা তাঁদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হতে পারেন।
মুম্বাইয়ের মামলার রায় খারিজ করল সুপ্রিম কোর্ট
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের এক বৃদ্ধ দম্পতির মুম্বইতে দুটি বাড়ি থাকা সত্ত্বেও তাঁদের বড় ছেলে বৃদ্ধ বাবা-মাকে নিজেদের বাড়িতে থাকতে দেননি। এর পরিপ্রেক্ষিতে ওই দম্পতি ট্রাইব্যুনালে মামলা করেন। ট্রাইব্যুনালের নির্দেশে ওই দম্পতির বড় ছেলেকে বাড়ি ছাড়তে বলা হলে, ছেলেটি পাল্টা মামলা করে।
এরপর ছেলেটি বম্বে হাইকোর্টে গেলেও তার আবেদন ধোপে টেকেনি। অবশেষে মামলাটি সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়। বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে, বৃদ্ধ বাবা-মাকে না দেখলে সন্তানরা তাঁদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবেন।
ট্রাইব্যুনালের ক্ষমতা বৈধ ঘোষণা
সুপ্রিম কোর্ট স্পষ্ট বার্তা দিয়েছে— বৃদ্ধ বাবা-মাকে না দেখলে তাঁদের সম্পত্তিতে সন্তানদের কোনও অধিকার থাকবে না। মা-বাবা চাইলে ছেলেমেয়েকে বাড়ি থেকে বের করে দিতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধরনের রায় দেওয়ার পূর্ণ ক্ষমতা ট্রাইব্যুনালেরই আছে, সেটিকে বৈধ ঘোষণা করল শীর্ষ আদালত।
আদালত নির্দেশ দিয়েছে, ওই ছেলেকে ৩০ নভেম্বরের মধ্যে বাড়ি ছেড়ে দিতে হবে এবং সে বিষয়ে হলফনামা জমা দিতে হবে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এই রায় সমাজে জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে এবং সন্তানদের প্রতি একটি স্পষ্ট নির্দেশনা তৈরি করবে।
বিবাহিত মহিলাদের সম্পত্তির অধিকার নিয়েও গুরুত্বপূর্ণ রায়
শুধু এই মামলাই নয়, সম্প্রতি আরও একটি মামলায় গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিবাহিত হিন্দু মহিলাদের বা বিধবা মহিলাদের স্বামীর সম্পত্তিতে স্বামীর উত্তরাধিকারীরাই ভাগ পাবেন। বাপের বাড়ির কোনও অধিকার সেই সম্পত্তিতে থাকবে না।