মহালয়ায় ভিড় পূর্ব বর্ধমানের নদীগুলোতে, নিরাপত্তা বাড়াল পুলিশ ও বন দফতর, কুমির তাড়াতে জলবোমা

আজ মহালয়া, পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। এই পুণ্য তিথিতে পূর্ব বর্ধমানের প্রধান নদী গঙ্গা, ভাগীরথী এবং দামোদর-এর ঘাটে পূর্বপুরুষদের তর্পণ করতে ভোররাত থেকেই ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। তবে, এবার তর্পণ করতে আসা মানুষের মনে ছিল কুমিরের আতঙ্ক।

দুই দিন আগেই কালনার ধাত্রীগ্রামের ভাগীরথী ঘাটের কাছে কুমিরের দেখা মিলেছিল। তাই মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি বন দফতরও বিশেষ ব্যবস্থা নেয়।

বন দফতরের কর্মীরা নৌকা করে জলবোমা ফাটিয়ে কুমিরদের দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। বন দফতরের আধিকারিক রাজেন চন্দ্র জানান, “জলবোমা ফাটানো হয়েছে যাতে কুমির বা অন্য কোনো ক্ষতিকর জীব দূরে পালিয়ে যায়।” তিনি আরও বলেন যে, মানুষ যেন কোনোভাবেই নদীর গভীর জলে না নামেন, সে বিষয়ে মাইকিং করে সতর্ক করা হয়েছে।

একইসঙ্গে, ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টির কারণে ডিভিসি নিয়মিতভাবে জল ছাড়ায় নদ-নদীর জলস্তর অনেকটাই বেড়ে গেছে। তাই জলে নেমে যাতে কেউ তলিয়ে না যান, সেজন্য পুলিশের তরফ থেকেও কড়া নজরদারি রাখা হয়েছে। স্থানীয় মন্ত্রী স্বপন দেবনাথও এই দিন তর্পণ করতে এসে মানুষকে সতর্ক করেন এবং জানান যে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও মানুষের সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।