বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক? দিতে হতে পারে ক্ষতিপূরণ! দিল্লি হাই কোর্টের ঐতিহাসিক রায়

পরিবারে ঝগড়াঝাঁটি বা দাম্পত্য কলহ খুবই সাধারণ ঘটনা। তবে অনেক সময় পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে তা আদালতের চৌকাঠ পর্যন্ত গড়ায়। ঠিক এমন একটি মামলায় সম্প্রতি দিল্লি হাই কোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছে। আদালত বলেছে, একজন স্ত্রী তার স্বামীর প্রেমিকার কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ দাবি করে মামলা করতে পারেন। এই রায় বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে থাকা মহিলাদের জন্য একপ্রকার সতর্কবার্তা।

আদালত এই মামলাটিকে ‘সিভিল ইনজুরি’ হিসেবে দেখছে। এখানে অভিযোগ করা হয়েছে যে একজন তৃতীয় পক্ষের অনৈতিক আচরণের কারণে স্ত্রীর বৈবাহিক অধিকার লঙ্ঘিত হয়েছে। এই ধরনের মামলা সাধারণত ফ্যামিলি কোর্টের এখতিয়ারের বাইরে থাকে।

একজন স্ত্রী অভিযোগ করেছিলেন যে স্বামীর প্রেমিকা ইচ্ছাকৃতভাবে তাঁর বিবাহিত জীবন নষ্ট করেছেন। তাঁর দাবি, স্বামীর ভালোবাসা ও সঙ্গ পাওয়ার অধিকার থেকে তাঁকে বঞ্চিত করা হয়েছে এবং তাঁদের বিয়ে ভাঙার মূল কারণই ছিল প্রেমিকার হস্তক্ষেপ।

হাই কোর্ট এই প্রসঙ্গে ‘Alienation of Affection’ (AoA) নীতির কথা উল্লেখ করেছে। এই নীতি অনুযায়ী, কোনো তৃতীয় ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে দম্পতির সম্পর্ক নষ্ট করে, তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষ তার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে পারে। এই রায়ের ফলে এখন স্বামীর প্রেমিকার নামে সমন জারি করে তার কাছে জবাব চাওয়া হয়েছে।