ইউরোপের বিমানবন্দরে ব্যাপক সাইবার হামলা! চেক-ইন ও বোর্ডিংয়ে সমস্যায় শয়ে শয়ে যাত্রী

ইউরোপের একাধিক বিমানবন্দরে সাইবার হামলার কারণে চেক-ইন এবং বোর্ডিং প্রক্রিয়ায় ব্যাপক বিঘ্ন ঘটেছে। লন্ডন থেকে ব্রাসেলস পর্যন্ত অসংখ্য যাত্রী দীর্ঘ লাইনে আটকে পড়েছেন, এবং অনেক উড়ান বিলম্বিত হয়েছে বা বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়াসহ বিভিন্ন বিমান সংস্থা তাদের যাত্রীদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে।

এয়ার ইন্ডিয়ার জরুরি বার্তা
এয়ার ইন্ডিয়া এক বিজ্ঞপ্তিতে যাত্রীদের কাছে অনুরোধ করেছে, বিমানবন্দরে পৌঁছানোর আগে যেন তাঁরা অবশ্যই ওয়েব চেক-ইন সম্পন্ন করে নেন। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে সামাজিক মাধ্যম এক্স-এ জানানো হয়েছে, “হিথরোতে থার্ড পার্টি সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে, ফলে চেক-ইন প্রক্রিয়ায় দেরি হতে পারে। আমাদের লন্ডন টিম যাত্রীদের ভোগান্তি কমাতে স্থানীয় টিমের সঙ্গে কাজ করছে।”

পরিস্থিতির মোকাবিলায় কর্তৃপক্ষ
এই সাইবার হামলার ফলে বিমানবন্দরের কর্মীরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন। কর্তৃপক্ষ যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং বিকল্প ব্যবস্থা চালু করার চেষ্টা করছে। বিভিন্ন বিমান সংস্থা যাত্রীদের নিয়মিত আপডেট অনুসরণ করতে এবং নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে। যত দ্রুত সম্ভব স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনার জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে।