চা বাগানে মহিলার রহস্যজনক মৃত্যু! হাত-গলা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার, ধর্ষণ করে খুন?

উত্তর দিনাজপুরের চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মাতৃ টি ইস্টেট কোম্পানির একটি চা বাগানে ৪০ বছর বয়সী এক মহিলা চা শ্রমিকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়েছে। শনিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। মৃত মহিলার নাম কল্পনা ওরাওঁ।

স্থানীয় শ্রমিকরা সকালে কাজে গিয়ে দেখেন, এক মহিলার হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ পড়ে আছে। এই দৃশ্য দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ।

পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, এটি শুধু খুন নয়, এর পেছনে ধর্ষণের মতো ঘটনাও থাকতে পারে। পুলিশ এই রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করেছে এবং ঘটনার পেছনের আসল কারণ জানতে চেষ্টা করছে। এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে।