টাটাকে বিরাট ধাক্কা দিল রিজার্ভ ব্যাংক! লাইসেন্স বাতিলের আর্জিতে না বলতেই শেয়ার বাজারে ঝড়

টাটা সন্সের এনবিএফসি লাইসেন্স সমর্পণের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। টাটা গ্রুপের এই মূল হোল্ডিং কোম্পানির পক্ষ থেকে স্বেচ্ছায় তাদের নন-ব্যাংকিং ফিনান্স কোম্পানি বা এনবিএফসি হিসেবে নিবন্ধনের সনদ ফিরিয়ে দেওয়ার আবেদন করা হয়েছিল। তবে কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তে সেই আর্জি ধোপে টেকল না।

এর আগে বিদেশের বাজারে ঋণ শোধ করে এবং নিজেদের আর্থিক অবস্থান শক্ত করে লাইসেন্স বাতিলের জন্য ২০২০ সালের মার্চ মাসেই আবেদন জানিয়েছিল টাটা সন্স। কিন্তু আরবিআই সেই আবেদন গ্রহণ না করায় পরিষ্কার হয়ে গিয়েছে যে, এই বৃহৎ শিল্পগোষ্ঠীকে এখন সেন্ট্রাল ব্যাংকের আপার-টিয়ার এনবিএফসি বা উচ্চ-স্তরের এনবিএফসি সংক্রান্ত সমস্ত কঠোর নিয়মকানুন মেনে চলতে হবে। শুধু তাই নয়, নিয়ম অনুযায়ী খুব শীঘ্রই স্টক এক্সচেঞ্জে নিজেদের তালিকাভুক্তও করতে হবে এই সংস্থাকে।

বিশেষজ্ঞদের মতে, এই নির্দেশনার ফলে টাটা সন্সের নিয়ন্ত্রক সংস্থা সংক্রান্ত দীর্ঘদিনের জল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটল। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে আরবিআই প্রথমবার টাটা সন্সকে আপার-টিয়ার এনবিএফসি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছিল। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংক এই নিয়মে কিছু সংশোধন আনে, যার জেরে এক লক্ষ কোটি টাকা বা তার বেশি সম্পদশালী এনবিএফসিগুলোকে বাধ্যতামূলকভাবে এই বিশেষ তালিকার অন্তর্ভুক্ত করা হয়। টাটা সন্সের সম্পদের পরিমাণ এই সীমাকে ছাড়িয়ে যাওয়ায় নিয়মের কোনো নড়চড় হয়নি। ফলে লাইসেন্স সমর্পণের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এবার শেয়ার বাজারে নাম লেখানোর আইনি প্রস্তুতি নিয়েই এগোতে হবে টাটাকে।