হঠাৎ মাথা ঘুরছে? রাস্তায় থাকলে কী করবেন? সুস্থ থাকতে জেনেনিন

রাস্তায় হাঁটতে হাঁটতে বা অন্য কোনো কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে যাওয়া একটি সাধারণ ঘটনা। অনেকেরই এমন অভিজ্ঞতা হয়ে থাকে এবং এই পরিস্থিতিতে কী করবেন, তা বুঝে উঠতে পারেন না। তবে হঠাৎ মাথা ঘোরা তেমন বড় কোনো সমস্যা না হলেও, এর ফলে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে এবং বড়সড় বিপদ ঘটতে পারে। তাই মাথা ঘুরলে কয়েকটি বিষয়ে দ্রুত খেয়াল রাখা জরুরি।
বিশেষজ্ঞরা বলছেন, সামান্য মাথা ঘোরা অনুভূত হলেই সঙ্গে সঙ্গে কোনো নিচু জায়গায় বসে পড়া উচিত। আশেপাশে বসার মতো কিছু না থাকলে, সাবধানে মাটিতে বসে যান।
যদি সামনে একটু শোওয়ার মতো জায়গা থাকে, যেমন কোনো পার্কের বেঞ্চ বা অন্য কোনো নিরাপদ স্থান, তাহলে কিছুক্ষণ টান টান হয়ে শুয়ে পড়লে দ্রুত এই সমস্যা কমতে পারে। বিশেষ করে ভার্টিগোর মতো সমস্যা থাকলে, কিছুক্ষণ অন্ধকার ঘরে চুপচাপ শুয়ে থাকা অত্যন্ত জরুরি। এতে মাথা ঘোরার তীব্রতা কমে আসে।
মাথা ঘোরা কমাতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্যাপ্ত জল পান করা। বার বার অল্প পরিমাণে জল খেলে বা কিছুক্ষণ একটানা জল পান করলে এই সমস্যা দ্রুত উপশম হতে পারে। ডিহাইড্রেশন বা শরীরে জলের অভাব অনেক সময় মাথা ঘোরার কারণ হতে পারে।
তবে মনে রাখতে হবে, যদি এই অসুবিধা কিছুক্ষণের মধ্যে না কমে বা বারবার হতে থাকে, তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ এটি অন্য কোনো শারীরিক সমস্যার লক্ষণও হতে পারে। সামান্য মাথা ঘোরাকে অবহেলা করা উচিত নয় এবং প্রয়োজনে ডাক্তারের সাহায্য নেওয়া বুদ্ধিমানের কাজ।