‘ভোর ৪টেয় উঠে ৩৬ সেকেন্ডে ভোটারের নাম মুছে দেওয়া!’ নির্বাচন কমিশনের বিরুদ্ধে নতুন অভিযোগ রাহুলের

কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের (EC) বিরুদ্ধে আবারও ভোটচুরির অভিযোগ তুলেছেন। শুক্রবার এক্স (পূর্বতন টুইটার)-এ একটি পোস্টে তিনি দাবি করেন, ভোর ৪টের সময় মাত্র ৩৬ সেকেন্ডে ভোটারের নাম মুছে দেওয়া হয়েছে, যা প্রমাণ করে যে এটি মানুষের পক্ষে সম্ভব নয় এবং সফটওয়্যারের মাধ্যমে এই কাজ করা হয়েছে।

রাহুল গান্ধীর অভিযোগ, নির্বাচন কমিশন আসলে “ভোটচোরদের” পাহারা দিচ্ছে। তিনি বলেন, কর্নাটকে অবৈধভাবে সফটওয়্যারের মাধ্যমে ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, আর নতুন নাম যোগ করা হয়েছে মহারাষ্ট্রে।

তিনি কর্নাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রের একটি উদাহরণ তুলে ধরেন। রাহুল দাবি করেন, ২০২৩ সালের ভোটের আগে সেখানে ৬ হাজারেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, নাগরাজ নামে এক ব্যক্তি ভোর ৪টা ৭ মিনিটে মাত্র ৩৬ সেকেন্ডে দুটি আলাদা আবেদনপত্র জমা দিয়েছিলেন, যা স্বাভাবিকভাবে সম্ভব নয়। এটি স্পষ্টতই অটোমেশনের মাধ্যমে করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

রাহুল গান্ধীর এই অভিযোগের কড়া জবাব দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলার জন্য ২০২২ সালের ডিসেম্বরে যে ৬,০১৮টি অনলাইন আবেদন জমা পড়েছিল, তার মধ্যে তদন্তে মাত্র ২৪টি অভিযোগই সঠিক বলে প্রমাণিত হয়েছে। বাকি ৫,৯৯৪টি আবেদন ভুয়ো ছিল এবং সেগুলি বাতিল করা হয়েছে। ফলে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হয়নি।