চাঞ্চল্য শিল্পাঞ্চলে! আসানসোলে তৈরি দুর্গা প্রতিমার মুখ চুরি, গ্রেফতার মৃৎশিল্পী

পুজোর মুখে আসানসোলের মহিশীলা কুমোরপাড়ায় একটি মর্মান্তিক চুরির ঘটনা ঘটেছে। শনিবার পুজো কমিটিকে ডেলিভারির ঠিক আগে দুটি তৈরি দুর্গা প্রতিমার মুখ চুরি হয়ে গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কুমোরপাড়ার লোকজনই চুরি যাওয়া মুখের সন্ধান পেয়েছেন এবং অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

মহিশীলার মৃৎশিল্পী বাপী পাল জানান, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন তার দুটি তৈরি দুর্গা প্রতিমার মুখ নেই। এই প্রতিমা দুটি শনিবারে পুজো কমিটির কাছে পাঠানোর কথা ছিল। তিনি বলেন, তার এই প্রতিমা দুটির মুখের ছাঁচ একেবারেই অন্যরকম এবং অভিনব ছিল, যা মহিশীলার অন্য কোনো কারখানায় নেই।

খোঁজাখুঁজি করে বাপী পাল পাশের একটি মূর্তি কারখানায় চুরি যাওয়া দুটি মুখ খুঁজে পান। সেখানে কাজ করা বিহারের এক মৃৎশিল্পীকে দেখে সন্দেহ হওয়ায় তাকে ধরে ফেলেন এলাকাবাসী। এরপর তাকে বিদ্যুতের পোলে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটক হওয়া অভিযুক্ত মৃৎশিল্পী পিতুম ঠাকুর ক্যামেরার সামনে তার অপরাধের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, “আমাকে একজন বলেছিল মূর্তির মুখগুলো এনে দিতে। তাকে আমি চিনি না। বলেছিল মুখ না এনে দিলে প্রাণে মেরে ফেলবে।”

অন্যদিকে, যে মৃৎশিল্পীর কারখানায় অভিযুক্ত কাজ করতেন, সেই হরিরঞ্জন পাল জানান, পিতুম ঠাকুর প্রায় তিন মাস ধরে তার কারখানায় কাজ করছেন এবং রাতে সেখানেই থাকতেন। তিনি এই ঘটনার বিষয়ে কিছুই জানতেন না।

এই ঘটনার পেছনে হিংসা জড়িত বলে অভিযোগ করেছেন বাপী পালের স্ত্রী। তার দাবি, পুলিশ জিজ্ঞাসাবাদ করলেই সব সত্যি বেরিয়ে আসবে। আসানসোল দক্ষিণ থানার পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।