‘ভোটারদের নাম বাদ দিচ্ছে কমিশন’, বিস্ফোরক অভিযোগ রাহুলের! কড়া জবাব বিজেপির

দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবারও বিস্ফোরক অভিযোগ এনেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন, নির্বাচন কমিশনের মদতে কিছু ব্যক্তি, সংস্থা এবং কল সেন্টার সংগঠিতভাবে বেছে বেছে কংগ্রেস, দলিত এবং আদিবাসী ভোটারদের নাম বাদ দিচ্ছে। এর আগে তিনি এই ঘটনাকে ‘অ্যাটম বোমা’ বলে অভিহিত করেছিলেন এবং আরও ‘হাইড্রোজেন বোমার’ মতো তথ্য সামনে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

রাহুল গান্ধী অভিযোগ করেন যে একটি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সফ্‌টঅয়্যার ব্যবহার করে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। তিনি কিছু নির্দিষ্ট ফোন নম্বর ও আইপি অ্যাড্রেস দাখিল করে প্রশ্ন তুলেছেন, কীভাবে ওই নম্বরগুলোতে ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) গেল এবং নির্দিষ্ট কিছু ঠিকানা থেকে কেনই বা বারবার নাম বাদ দেওয়ার আবেদন করা হচ্ছে।

রাহুল গান্ধীর এই অভিযোগকে ‘ভুল এবং ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে কেউ কোনো ভোটারের নাম বাদ দিতে পারেন না এবং কারও নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনা হয়।

অন্যদিকে, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী রাহুলকে কটাক্ষ করে বলেছেন, “আবার একবার ‘অ্যাটেনশন চুরি’-র কাজ শুরু করেছেন রাহুল গান্ধী। উনি নিজের আগের ভুল থেকে শিক্ষা নেননি।” বিজেপির পক্ষ থেকেও রাহুলের ‘হাইড্রোজেন বোমা’ নিয়ে বিদ্রুপের সুর শোনা গেছে।