পুজোয় দারুণ খবর! সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে প্রায় ৭০০০ টাকা, ঘোষণা মমতার

পুজোর মুখে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এক দারুণ খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এবার সরকারি কর্মীরা অ্যাড হক বোনাস হিসেবে প্রায় ৭,০০০ টাকা পাবেন। নবান্ন সূত্রে জানা গেছে, এই টাকা সেপ্টেম্বর মাসের মধ্যেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে।

এই বোনাস পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। যে সমস্ত সরকারি কর্মচারী ধারাবাহিকভাবে অন্তত ছয় মাস চাকরি করেছেন, তারা এই সুবিধা পাবেন। এছাড়া, দৈনিক মজুরিভিত্তিক বা চুক্তিভিত্তিক কর্মীরাও এই বোনাসের আওতায় আসবেন, যদি তারা এক বছরে কমপক্ষে ১২০ দিন কাজ করে থাকেন।

গত বছর অ্যাড হক বোনাসের পরিমাণ ছিল ৬,০০০ টাকা, যা এই বছর বেড়ে হয়েছে ৬,৮০০ টাকা। এর ফলে কর্মীরা প্রায় ৭,০০০ টাকা পাবেন। এই বোনাস পাওয়ার জন্য একজন কর্মচারীর বেসিক বেতন ও মহার্ঘ ভাতা মিলিয়ে ৩১ মার্চ, ২০২৫ তারিখে মাসিক আয় ৪৪,০০০ টাকার কম হতে হবে। গত বছর এই বেতনসীমা ছিল ৪২,০০০ টাকা, যা এই বছর ২,০০০ টাকা বাড়ানো হয়েছে।

শুধুমাত্র সরকারি কর্মীরাই নন, উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্যও পুজোর বোনাস বাড়ানো হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ডুয়ার্স এবং তরাই অঞ্চলের সমস্ত চা শ্রমিক এবছর ২০ শতাংশ পুজো বোনাস পাবেন। এই ঘোষণায় উৎসবের আগে সকলের মুখে হাসি ফুটেছে।