১ অক্টোবর থেকে নতুন পেনশন নিয়ম, PFRDA-এর বড় ঘোষণায় লাভবান হবেন কারা?

পেনশন ফান্ড রেগুলেটরি অথরিটি (PFRDA) পেনশন সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এনেছে। ১ অক্টোবর, ২০২৫ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। এই পরিবর্তনের ফলে ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS), অটল পেনশন যোজনা (APY) এবং ইউনিফাইড পেনশন স্কিম (UPS)-এর গ্রাহকরা সরাসরি প্রভাবিত হবেন। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল একটি নতুন এবং স্বচ্ছ ফি কাঠামো চালু করা।

PFRDA-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, পেনশন স্কিমগুলির জন্য পরিষেবা চার্জে কিছু পরিবর্তন করা হয়েছে। সেন্ট্রাল রেকর্ডকিপিং এজেন্সিগুলির (CRAs) জন্য এই পরিবর্তন মূলত প্রযোজ্য, যারা গ্রাহকদের অ্যাকাউন্ট পরিচালনা এবং রেকর্ড রাখার কাজ করে। জুন ২০২০-এর পুরোনো নির্দেশিকা বাতিল করে এই নতুন কাঠামো তৈরি করা হয়েছে।

সরকারি ক্ষেত্র (NPS ও UPS)
ই-প্রান কিট খোলা: নতুন ই-প্রান কিট খোলার জন্য ১৮ টাকা পর্যন্ত চার্জ লাগবে।

ফিজিক্যাল প্রান কার্ড: এই কার্ডের জন্য দিতে হবে ৪০ টাকা।

বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ: বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ১০০ টাকা ফি ধার্য করা হয়েছে।

অটল পেনশন যোজনা ও এনপিএস
নতুন প্রান অ্যাকাউন্ট খোলার ফি: নতুন প্রান অ্যাকাউন্ট খোলার জন্য ১৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি: এর জন্য ১৫ টাকা ধার্য করা হয়েছে।

বেসরকারি ক্ষেত্র
বেসরকারি ক্ষেত্রের গ্রাহকদের জন্য প্রান খোলার চার্জ সরকারি ক্ষেত্রের মতোই থাকছে। তবে, অ্যাকাউন্টে ৫০,০০,০০০ টাকার বেশি থাকলে ৫০০ টাকা চার্জ দিতে হবে। ভালো খবর হলো, এখন থেকে লেনদেনের ওপর কোনো চার্জ লাগবে না, যা গ্রাহকদের জন্য স্বস্তির।

PFRDA নির্ধারিত এই ফিগুলি হলো সর্বোচ্চ চার্জ। CRAs চাইলে এর থেকে কম বা আলোচনার ভিত্তিতে চার্জ নিতে পারে। নতুন ফি কাঠামো সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করতে সমস্ত CRAs-কে তাদের ওয়েবসাইট এবং অ্যাপে স্পষ্টভাবে নতুন ফি প্রদর্শন করতে বলা হয়েছে। ভবিষ্যতে নতুন কোনো পরিষেবা চালু হলে তার মূল্য PFRDA-এর অনুমোদন নিয়েই নির্ধারণ করতে হবে।