সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক দাবায় ভারতীয় গ্র্যান্ডমাস্টারদের ধারাবাহিক সাফল্য দেখে আশাবাদী ভারতের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। আগামী ৩০ অক্টোবর থেকে গোয়ায় শুরু হতে চলা দাবা বিশ্বকাপ নিয়ে তিনি বলেন, ডি গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ এবং মহিলা বিভাগে বৈশালী রমেশবাবুর মতো তরুণরা ভারতীয় দাবার সেরা প্রজন্ম। তাদের মধ্যে যেকোনো কেউ চ্যাম্পিয়ন হতে পারে।
বুধবার কলকাতার প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দিব্যেন্দু বড়ুয়া বলেন, “ঘরের মাটিতে বিশ্বকাপে ভারতীয় দাবাড়ুদের ভালো ফলাফলের ব্যাপারে আমি আশাবাদী।” তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, ঘরের মাঠে খেলার একটা বাড়তি চাপও থাকে, যা গুকেশদের সামলাতে হবে। দিব্যেন্দু বলেন, ভারতের দাবা দ্রুত উন্নতির শিখরে উঠছে এবং এর পেছনে বিশ্বনাথন আনন্দের পর নতুন প্রজন্মের অবদান অনস্বীকার্য।
দিব্যেন্দু বড়ুয়া জানান, দাবা বিশ্বকাপে বাংলা থেকে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়-সহ চারজন গ্র্যান্ডমাস্টার রয়েছেন এবং তাদের ভালো ফলাফলের ব্যাপারেও তিনি আশাবাদী। তিনি আরও বলেন, বাংলায় ১৩ জন গ্র্যান্ডমাস্টার আছেন, যাদের পারফরম্যান্স নজরকাড়া। বাংলার তৃণমূলস্তরে দাবার জনপ্রিয়তা বাড়ায় তিনি বিশেষভাবে খুশি। তার মতে, ফুটবল-ক্রিকেটের পাশাপাশি দাবা ও টেবিল টেনিসের মতো খেলাতেও মানুষের আগ্রহ বাড়ছে।
গোয়াতে আগামী ৩০ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এই বিশ্বকাপ চলবে। মোট ২০৬ জন প্রতিযোগী অংশ নেবেন, যাদের মধ্যে সেরা তিনজন ২০২৬ সালের ক্যান্ডিডেটস টুর্নামেন্টে খেলার টিকিট পাবেন। ২০২৩ সালের বিশ্বকাপে রমেশবাবু প্রজ্ঞানন্দকে হারিয়ে নরওয়ের কিংবদন্তি ম্যাগনাস কার্লসেন শিরোপা জিতেছিলেন।