মোদী-হীরাবেনের AI ভিডিওতে চটেছে আদালত! বিহার কংগ্রেসে কেন নোটিস পাঠালো হাইকোর্ট?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার প্রয়াত মা হীরাবেন মোদীর একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্মিত ভিডিও নিয়ে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। ভিডিওটিতে প্রধানমন্ত্রীকে তার মায়ের সঙ্গে কথা বলতে দেখা যায়, যেখানে তার মা ডিমনিটাইজেশন এবং বিহারের রাজনীতি নিয়ে তাকে তিরস্কার করছেন। পাটনা হাইকোর্ট কংগ্রেসকে নির্দেশ দিয়েছে, ১০ সেপ্টেম্বর পোস্ট করা এই বিতর্কিত ভিডিওটি অবিলম্বে সকল সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলতে।

কড়া প্রতিক্রিয়া চিরাগের

হাইকোর্টের নির্দেশের পর কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান এই ভিডিওর তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, “যার মা আর এই পৃথিবীতে নেই, তার সম্পর্কে এমন ভিডিও বানানো কতটা যুক্তিযুক্ত? কারো অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য তারা কতদূর যেতে পারে?” পাসওয়ান একই সঙ্গে আরজেডি নেতা তেজস্বী যাদবকে আক্রমণ করে বলেন, তিনি রাহুল গান্ধীকে সমর্থন করলেও মুখ্যমন্ত্রী পদের প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করাতে পারেননি, তাই তার আঘাত পাওয়া স্বাভাবিক।

হাইকোর্টের নির্দেশ ও মামলার বিবরণ

অ্যাডভোকেট বিবেকানন্দ সিংহের দায়ের করা জনস্বার্থ মামলার (PIL) ভিত্তিতে পাটনা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পি.বি. বাইজান্ত্রি এবং বিচারপতি আলোক কুমার সিনহার বেঞ্চ এই নির্দেশ দেয়। মামলার আবেদনকারীর দাবি ছিল, ভিডিওটি “ঘৃণ্য, লজ্জাজনক এবং অপমানজনক”, কারণ এটি প্রধানমন্ত্রীর প্রয়াত মায়ের মর্যাদাহানি করেছে।

ভিডিওটিতে দেখা যায়, প্রধানমন্ত্রী ঘুমিয়ে পড়লে তার মা স্বপ্নে এসে তাকে বলেন, “প্রথমে ডিমনিটাইজেশনে লম্বা লাইনে দাঁড় করিয়েছ, আমার পা ধোয়ার রিল বানিয়েছ। এখন বিহারে আমার নামে রাজনীতি করছ, আমার অপমানের ব্যানার ছাপাচ্ছ। আবার বিহারে নাটক করছ। কত নিচে নামবে?”

ভিডিয়োটি এমন এক সময়ে পোস্ট করা হয়েছিল, যখন প্রধানমন্ত্রী তার মায়ের শ্রাদ্ধকর্ম করছিলেন। আদালত ফেসবুক, টুইটার (এক্স), ইউটিউবসহ সকল প্ল্যাটফর্মকে ভিডিওটির প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে এবং একই সঙ্গে কেন্দ্রীয় সরকার, বিহার সরকার, বিহার প্রদেশ কংগ্রেস কমিটি, নির্বাচন কমিশন এবং রাহুল গান্ধীকে নোটিস পাঠিয়েছে।