ঐশ্বর্য-অভিষেকের ডিভোর্স নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস! ক্যামেরার সামনে মুখ খুললেন বন্ধু প্রহ্লাদ কক্কর

ঐশ্বর্য রাই এবং অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন বলিউডজুড়ে ছড়িয়ে পড়েছে। এই তারকা দম্পতি নাকি আলাদা থাকছেন—এমন খবরে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। কিন্তু এবার এই সব জল্পনার অবসান ঘটালেন চলচ্চিত্র নির্মাতা প্রহ্লাদ কক্কর, যিনি বচ্চন পরিবারের খুব ঘনিষ্ঠ।

প্রহ্লাদ কক্কর জানিয়েছেন, ঐশ্বর্য তাঁর স্বামী অভিষেকের থেকে আলাদা থাকছেন না, বরং অসুস্থ মায়ের দেখাশোনার জন্যই তিনি প্রায়শই মায়ের বাড়িতে যাতায়াত করেন।

কেন মায়ের বাড়িতে যান ঐশ্বর্য?

ঐশ্বর্যকে কেন তাঁর মায়ের বাড়িতে বেশি দেখা যায়, সেই কারণ ব্যাখ্যা করে প্রহ্লাদ কক্কর বলেন, “ঐশ্বর্য এখনও বাড়ির বউ এবং তিনি তাঁর সংসার খুব ভালোভাবে সামলাচ্ছেন। আমি নিশ্চিত ছিলাম যে বিচ্ছেদের খবরে কোনও সত্যতা নেই, কারণ আমি জানতাম তিনি কেন মায়ের বাড়িতে যান। মানুষ বলছিল যে তিনি অভিষেকের থেকে আলাদা হয়ে মায়ের সঙ্গে থাকছেন। আমি ওদের বিল্ডিংয়েই থাকি এবং আমি জানি তিনি সেখানে কতটা সময় কাটান। তিনি তাঁর মায়ের বাড়িতে আসেন কারণ তাঁর মায়ের শরীর ভালো থাকে না।”

প্রহ্লাদ আরও জানান, “ঐশ্বর্য প্রতিদিন মেয়ে আরাধ্যাকে স্কুলে পৌঁছে দেন এবং আবার আনতে যান। এই সময়ের মাঝে তিনি মায়ের কাছে যান, তাঁর সঙ্গে সময় কাটান এবং তারপর মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যান। আমি জানি তিনি তাঁর মায়ের কতটা কাছের এবং তাঁর জন্য কতটা চিন্তা করেন।”

গুজবে কেন চুপ বচ্চন পরিবার?

বিচ্ছেদের গুজব নিয়ে কেন ঐশ্বর্য বা অভিষেক কেউই কোনো মন্তব্য করেননি, সেই বিষয়েও আলোকপাত করেন কক্কর। তিনি বলেন, “যদি খেয়াল করেন, দেখবেন অভিষেক বা ঐশ্বর্য কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তাঁদের মন্তব্য করার দরকারই বা কী? সবাই যা খুশি বলতে থাকুক। তাঁরা সবসময় নিজেদের মর্যাদা বজায় রেখেছেন এবং সাংবাদিকরা এই কারণেই তাঁদের অপছন্দ করে।”

উল্লেখ্য, ২০০৭ সালে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বিয়ে করেন। তাঁদের একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন। সাম্প্রতিক সময়ে তাঁদের ডিভোর্সের গুজব দ্রুত ছড়িয়ে পড়লেও, প্রহ্লাদ কক্করের এই বক্তব্য সেই গুঞ্জনে ইতি টানবে বলে মনে করা হচ্ছে।