‘২০২৬-এর আগে অশান্তি ছড়াতে পারে বিজেপি’, সীমান্তবর্তী এলাকায় কেন সতর্কবার্তা অভিষেকের?

২০২৬ সালের বিধানসভা ভোটের আগে সীমান্তবর্তী সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বসিরহাট, যাদবপুর এবং ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার যৌথ বৈঠকে তিনি এই বিষয়ে দলের নেতা-কর্মীদের সতর্ক করেছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি শুধুমাত্র ‘এসআইআর’ ইস্যুতেই নয়, বরং একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে বিভেদ সৃষ্টির চক্রান্ত করছে। তিনি সকলকে এই ধরনের ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক করে বলেন, বিজেপির একমাত্র লক্ষ্য হলো সম্প্রীতি নষ্ট করা।
বসিরহাট ও সন্দেশখালি প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, লোকসভা ভোটের আগে বিজেপি এই এলাকাগুলোকে ব্যবহার করে মহিলাদের অসম্মান করার মিথ্যা কাহিনি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছিল। বিধানসভা ভোটের আগেও একই ধরনের চেষ্টা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্র করে বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন আটকে রাখা হয়েছে।
শারদোৎসবের আগে জনসংযোগ বাড়ানোর উপরও জোর দিয়েছেন অভিষেক। তিনি স্থানীয় নেতাদের নির্দেশ দেন, পুজোর সময় এলাকায় শান্তি বজায় রাখতে হবে। বড় মিছিল বা সমাবেশের পরিবর্তে ছোট ছোট সভার মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্প মানুষের কাছে তুলে ধরতে বলেন তিনি। একই সঙ্গে পুজো কমিটিগুলির সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার কথা বলেন।
হিঙ্গলগঞ্জের বিধায়ক এবং স্থানীয় শ্রমিক সংগঠনের সভাপতির মধ্যেকার দ্বন্দ্ব নিয়েও অভিষেক অসন্তোষ প্রকাশ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, দলের ভেতরে বিভাজন কোনোভাবেই সহ্য করা হবে না।