সেনার পোশাকে ব্যাঙ্কে ভয়াবহ ডাকাতি, লুঠ ৫৮ কেজি সোনা ও ৮ কোটি টাকা! তারপর…

কর্ণাটকের বিজয়পুরা জেলায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় সেনার পোশাকে এসে একদল ডাকাত প্রায় ৫৮ কেজি সোনা এবং নগদ ৮ কোটি টাকা লুঠ করে পালিয়ে যায়।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ যখন ব্যাঙ্ক বন্ধ করার প্রস্তুতি চলছিল, সেই সময়ই কয়েকজন ডাকাত সেনার পোশাকে ব্যাঙ্কের ভেতরে ঢুকে পড়ে। ব্যাঙ্ক কর্মীদের দাবি, প্রথমে তারা কর্মীদের মারধর করে এবং তারপর তাদের চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে। এরপর তারা সরাসরি ম্যানেজারের কাছে গিয়ে বন্দুক দেখিয়ে সোনা ও টাকা দিতে বাধ্য করে। বিপদঘণ্টি বাজানোর কোনো সুযোগই পাননি কর্মীরা।

মাত্র কয়েক মিনিটের মধ্যেই ডাকাতদলটি এই বিশাল অঙ্কের সোনা ও টাকা লুঠ করে একটি গাড়িতে চড়ে পালিয়ে যায়। পরে সেই গাড়িটি শহরের বাইরে একটি রাস্তায় ফেলে রেখে যেতে দেখা যায়।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে। পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতদলটি মহারাষ্ট্রের দিকে পালিয়েছে। কর্ণাটক এবং মহারাষ্ট্র পুলিশ যৌথভাবে অভিযান শুরু করেছে। বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি বসানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

উল্লেখ্য, গত জুন মাসেও বিজয়পুরা শহরের একটি কানাড়া ব্যাঙ্কে ডাকাতি হয়েছিল। সেই ঘটনায় প্রায় ৫৯ কেজি সোনা এবং ৫ লক্ষ ২০ হাজার টাকা লুঠ হয়েছিল। ওই ঘটনায় কয়েকজন ব্যাঙ্ক কর্মী ও ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের বিরুদ্ধে ডাকাতদলের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগ ছিল।