পুরীতে কলেজ ছাত্রীকে গণধর্ষণ, তিন অভিযুক্তকে গ্রেফতার, চতুর্থের খোঁজে পুলিশ

ওড়িশার পুরী জেলার বালিহারচণ্ডী মন্দিরের কাছে এক ১৯ বছর বয়সী কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং চতুর্থজনকে ধরতে তল্লাশি চালাচ্ছে।

পুলিশ সুপার প্রতীক সিং জানান, গত শনিবার ওই ছাত্রী তার প্রেমিকের সঙ্গে মন্দিরের কাছে বসে ছিলেন। সেই সময় স্থানীয় কিছু যুবক তাদের ছবি ও ভিডিও তোলে এবং সেগুলো মুছে ফেলার জন্য টাকা দাবি করে। ওই যুগল টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তদের মধ্যে দু’জন ওই ছাত্রীকে ধর্ষণ করে। অন্য অভিযুক্তরা তার প্রেমিককে আক্রমণ করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে।

সোমবার সন্ধ্যায় পুরী সদর থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ দ্রুত তিন অভিযুক্তকে গ্রেফতার করে। এদের মধ্যে দুজন ধর্ষণে সরাসরি যুক্ত ছিল বলে জানান পুলিশ সুপার।

এই ঘটনার পর রাজ্যের পর্যটনকেন্দ্রগুলোতে নিরাপত্তা বাড়ানোর দাবি উঠেছে। প্রবীণ বিজেডি নেতা সঞ্জয় দাস বর্মা বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের সমালোচনা করে মন্দির-সহ সব পর্যটনকেন্দ্রে কড়া নিরাপত্তার দাবি জানান। সম্প্রতি গোপালপুর সমুদ্রসৈকতেও ধর্ষণের অভিযোগ উঠেছিল, যা নিয়ে ওড়িশার বিজেপি সরকার বেশ অস্বস্তিতে পড়েছে।