ওয়াকফ সম্পত্তিতে মুসলিমদের অধিকার সুরক্ষিত! সুপ্রিম কোর্টের রায়ে মিলল স্বস্তি, কেন সন্তুষ্ট মুসলিম পার্সোনাল ল বোর্ড?

সংশোধিত ওয়াকফ আইনের (Waqf Amendment Act) বৈধতা নিয়ে ওঠা মামলায় সোমবার সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চ জানিয়েছে, পুরো আইন স্থগিত রাখার কোনো ভিত্তি নেই, তবে কিছু বিতর্কিত ধারায় সীমিত স্থগিতাদেশ দেওয়া যেতে পারে। এই সিদ্ধান্তের ফলে ওয়াকফ আইন কার্যকর থাকছে, কিন্তু কিছু অংশে সংশোধনের সুযোগ তৈরি হয়েছে।

৫ বছরের মুসলিম হওয়ার শর্ত বাতিল: ওয়াকফ সম্পত্তি দান করার জন্য একজন ব্যক্তিকে টানা ৫ বছর মুসলিম হতে হবে—আইনের এই বিতর্কিত ধারার ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করেছে। এটি মুসলিম সম্প্রদায়ের জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

জেলাশাসকের ক্ষমতা হ্রাস: আদালত জানিয়েছে যে, ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত বিতর্ক সমাধানের ক্ষমতা জেলাশাসকদের হাতে থাকবে না। এই ধরনের বিতর্কের নিষ্পত্তির জন্য শুধুমাত্র ট্রাইব্যুনালই দায়িত্বপ্রাপ্ত থাকবে।

সুপ্রিম কোর্ট ওয়াকফ বোর্ড বা কাউন্সিলে অমুসলিম সদস্যদের যোগদানের বিধান স্থগিত করেনি। তবে আদালত বলেছে, বোর্ডের প্রধান হিসেবে মুসলিম সম্প্রদায়ের কাউকে বসানো উচিত। এছাড়াও, কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে চারজনের বেশি এবং রাজ্য ওয়াকফ বোর্ডে তিনজনের বেশি অমুসলিম সদস্য রাখা যাবে না।

এই রায়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য সৈয়দ কাসিম রসুল ইলিয়াস সন্তোষ প্রকাশ করেছেন। আদালতের এই রায় ওয়াকফ আইনের ক্ষেত্রে মুসলিম সম্প্রদায় এবং অন্যান্য ধর্মের সদস্যদের জন্য একটি ভারসাম্যপূর্ণ অবস্থান তৈরি করবে বলে মনে করা হচ্ছে।