কেন ইডি-র নজরে মিমি চক্রবর্তী? বেটিং অ্যাপের প্রচার ঘিরে তোলপাড় রাজনীতি ও বিনোদন মহল

বেআইনি বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর নজরে এসেছেন অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ মিমি চক্রবর্তী। আজ, সোমবারই তাঁকে দিল্লির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। জানা যাচ্ছে, তিনি আজ ইডি-র দপ্তরে যেতে পারেন।

অভিযোগ, ভারতে বেটিং ও অনলাইন জুয়া নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মিমি চক্রবর্তী ‘1xBet’ নামক একটি বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এই অ্যাপের প্রচার করেছেন এবং বিনিময়ে মোটা অঙ্কের আর্থিক সুবিধা পেয়েছেন। ইডি কর্মকর্তারা খতিয়ে দেখছেন, কীভাবে তিনি এই সংস্থার কাছ থেকে টাকা নিতেন এবং কোন অ্যাকাউন্টে সেই টাকা লেনদেন হয়েছে। এই বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যের জন্যই তাঁকে তলব করা হয়েছে।

মিমি চক্রবর্তী ছাড়াও এই একই অভিযোগে বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকেও তলব করেছে ইডি। তাঁকে আগামীকাল, মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে ক্রিকেটার শিখর ধাওয়ান এবং সুরেশ রায়নাকেও এই একই অভিযোগে জেরা করা হয়েছে।

তদন্তে আরও জানা যাচ্ছে, এই অ্যাপের প্রচারের জন্য গুগল এবং মেটার মতো টেক জায়ান্টের প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রামে এই অ্যাপের বিজ্ঞাপন প্রচার হয়েছে, যার মাধ্যমে এই বেটিং অ্যাপ আরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে। এই বেআইনি চক্রের মূল হোতাদের ধরতে এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করতে জোরদার তদন্ত চালাচ্ছে ইডি।