মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান কি এবার রাজনীতির ময়দানে? বিধানভবনে এসে জল্পনা বাড়ালেন

সামনে বিধানসভা নির্বাচন, আর ঠিক তার আগে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল কংগ্রেস। ক্রিকেটার মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে এবার রাজনীতির ময়দানে নামাতে পারে দল। সম্প্রতি বিধানভবনে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে তাঁর বৈঠক সেই জল্পনাকেই উসকে দিয়েছে। একটি সূত্রের দাবি, আগামী বিধানসভা নির্বাচনে বীরভূমের কোনো একটি আসন থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে।
শুভঙ্করের সঙ্গে হাসিনের বৈঠক
শনিবার কংগ্রেসের রাজ্য সদর দফতর বিধানভবনে হাসিন জাহানের উপস্থিতি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে তাঁর প্রাথমিক আলোচনা হয়েছে। যদিও, প্রার্থী হওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। হাসিন নিজে জানিয়েছেন, দলের প্রচার ও মিটিং-মিছিলে অংশ নিতে তাঁর কোনো অসুবিধা নেই। এটি তাঁর প্রথমবার নয়, এর আগেও তিনি প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের সময় বিধানভবনে এসেছিলেন।
তৃণমূল ও বিজেপিকে টেক্কা দিতে কংগ্রেসের নতুন চাল?
সাম্প্রতিক সময়ে বাংলার রাজনীতিতে চমক দেওয়ার দৌড়ে তৃণমূল ও বিজেপি অনেকটাই এগিয়ে ছিল। এবার সেই দৌড়ে শামিল হলো কংগ্রেস। রাহুল গান্ধীর নির্দেশে দল রাজ্যে তাদের সাংগঠনিক শক্তি বাড়াতে একাধিক কর্মসূচি নিয়েছে। এরই অংশ হিসেবে রাহুল গান্ধী নিজেও দুর্গাপূজার পর বাংলায় আসতে পারেন বলে জানা গেছে।
সত্যাগ্রহ থেকে গণস্বাক্ষর অভিযান
কংগ্রেস শুধু প্রার্থী বাছাইয়ে চমক দিচ্ছে না, পাশাপাশি দলের পুরোনো শক্তি ফিরে পেতে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। রবিবার ঠাকুরনগরে প্রায় ২০ বছর পর কংগ্রেসের সত্যাগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। এছাড়া রাহুল গান্ধীর ‘ভোট চোর – গোদি ছোড়’ স্লোগানকে সামনে রেখে গণস্বাক্ষর অভিযানও শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।
সবকিছু মিলিয়ে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস যে রাজ্য রাজনীতিতে নিজেদের অবস্থান মজবুত করতে মরিয়া, তা স্পষ্ট। হাসিন জাহানকে সম্ভাব্য প্রার্থী হিসেবে তুলে ধরা সেই কৌশলেরই অংশ বলে মনে করা হচ্ছে।