‘যোগ্য প্রশাসকের কাজ করেছেন স্নেহাশিস!’ কেন এমন প্রশংসা করলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা?

স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মেয়াদ শেষে আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (CAB) মসনদে ফিরতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইস্টবেঙ্গল ক্লাব ইতিমধ্যেই সৌরভকে তাদের পূর্ণ সমর্থন জানিয়েছে। তবে মেয়াদ শেষের আগে বিদায়ী সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েরও ভূয়সী প্রশংসা শোনা গেল ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের মুখে।
দেবব্রত সরকার বলেন, “যোগ্য প্রশাসকের কাজ করেছেন স্নেহাশিস। সিএবি-তে যে সকল অনৈতিক কাজ হয়েছে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেননি। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছেন।” তার এই মন্তব্য ময়দানের রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সুপার কাপ নিয়ে ফেডারেশনকে চিঠি
সিএবি-র রাজনৈতিক আলোচনার পাশাপাশি ইস্টবেঙ্গল আসন্ন সুপার কাপে অংশগ্রহণ নিয়ে ফেডারেশনকে একটি চিঠি দিয়েছে। গত মরশুমের সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল জানতে চেয়েছে, টুর্নামেন্টের পুরস্কারমূল্য কত হবে এবং কতজন বিদেশি খেলানো যাবে। এছাড়া, সুপার কাপ জিতলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বা এএফসি চ্যালেঞ্জ লিগের যোগ্যতা অর্জন করা যাবে কিনা, সেই প্রশ্নও তারা রেখেছে। দেবব্রত সরকার জানান, এএফসিতে খেলার ব্যাপারে মৌখিক নিশ্চয়তা ফেডারেশনের তরফে পাওয়া গেছে।
ইস্টবেঙ্গল মাঠ থেকে চুরি
এদিকে, দেবব্রত সরকার জানিয়েছেন যে, তাদের মাঠ থেকে প্রায় ১২-১৩ লাখ টাকার জিনিস চুরি হয়ে গেছে। তিনি বলেন, “পূর্ত দফতরের অধীনে থাকা গ্যালারির দু’টি ফ্লাডলাইটের সমস্ত প্লাগ খোলা ও চুরি হয়ে গেছে। নজরদারি নিয়ে আমরা হতাশ।” এ বিষয়ে পূর্ত দফতর সাহায্যের আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।