নেপালের নতুন প্রধানমন্ত্রী কে? জেন-জি’র পছন্দের শীর্ষে প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কি!

নেপালের রাজনৈতিক ডামাডোলের অবসান ঘটিয়ে অবশেষে দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি সুশীলা কার্কি। কেপি শর্মা ওলির পদত্যাগের পর থেকেই নেপালের তরুণ প্রজন্ম, যারা ‘জেন-জি’ নামে পরিচিত, তাদের কাছে সবচেয়ে পছন্দের তালিকায় ছিলেন সুশীলা কার্কি। শুক্রবার রাতেই তিনি এই পদে শপথ নিতে পারেন বলে এএনআই (ANI) সূত্রে খবর।

জেন-জি’র সমর্থন

কেপি শর্মা ওলি পদত্যাগ করার পরই আন্দোলনকারী জেন-জি’রা সুশীলা কার্কিকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করার জন্য লিখিত স্বাক্ষর সংগ্রহ শুরু করে। প্রাথমিকভাবে ১,০০০ স্বাক্ষরের লক্ষ্য থাকলেও, তাঁর পক্ষে ২,৫০০-এরও বেশি স্বাক্ষর জমা পড়ে। এরপরই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন ছাত্রীকে মনোনীত করার কথা ঘোষণা করা হয়। শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটে তিনি শপথ নিতে পারেন।

অন্যান্য প্রতিদ্বন্দ্বী

প্রধানমন্ত্রীর দৌড়ে সুশীলা কার্কি ছাড়াও কাঠমান্ডুর মেয়র বালেন্দ্রর নামও উঠে এসেছিল। মাত্র ৩৫ বছর বয়সী বালেন্দ্র, যিনি স্থানীয়দের কাছে ‘বালেন’ নামে পরিচিত, নেপালের বাঘা বাঘা রাজনীতিবিদদের হারিয়ে মেয়র হয়েছিলেন। আন্দোলনকারীরা প্রথমে তাঁকেই শাসনভার দিতে চেয়েছিল। তবে শেষ পর্যন্ত প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কিতেই আস্থা রেখেছে জেন-জি।

রাজনৈতিক অস্থিরতার মধ্যে নেপালে ভারতীয় দম্পতির ওপর হামলার খবরও সামনে এসেছে। বিক্ষোভের মুখে পড়ে ৫৫ বছর বয়সী রাজেশ গোলা নামে এক ভারতীয় মহিলা নিহত হয়েছেন। তার স্বামী রামবীর সিং হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনা নেপালের সাধারণ পরিস্থিতিকে আরও খারাপভাবে তুলে ধরেছে।