হাতে সরকারি চাকরি, তাও কেন প্রতিমা গড়ছেন? রায়দিঘির এই শিল্পীর গল্প শুনলে তাঁকে স্যালুট জানাবেন আপনিও

হাতে সরকারি চাকরি থাকা সত্ত্বেও প্রতিমা গড়ার পেশা ছাড়তে পারেননি রায়দিঘির গোকুলবাবু। এসডিও অফিসের পিওনের কাজ সামলেও তিনি তাঁর বাপ-ঠাকুরদার পেশা বাঁচিয়ে রেখেছেন। দীর্ঘ ৩৫ বছর ধরে প্রতিমা তৈরির সঙ্গে যুক্ত তিনি। এবার তিনি তৈরি করছেন একটি ১৭ ফুট উঁচু দুর্গা প্রতিমা, যা দেখে মুগ্ধ হচ্ছেন সবাই।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার মহকুমা শাসকের অফিসে চাকরি করেন গোকুল দাস। একসময় কাজের চাপে প্রতিমা গড়া ছেড়েও দিয়েছিলেন। কিন্তু তাতে মানসিক শান্তি না পাওয়ায় আবার ফিরে আসেন এই কাজে। প্রতিদিন সকালে অফিস, আর রাতে বাড়ি ফিরে প্রতিমা নির্মাণের কাজে মন দেন তিনি। তাঁর এই কাজে সাহায্য করেন স্ত্রী মিঠুরানি দাস ও ছোট মেয়ে খুকুমণি দাস।
গোকুলবাবু শুধু প্রতিমা তৈরিই করেন না, তিনি প্রতিমার পিছনের ক্যানভাসও আঁকেন। এ বছর তিনি ১৭ ফুটের প্রতিমা ছাড়াও খেজুর পাতার একটি বিশেষ প্রতিমা তৈরি করছেন। তাঁর সঙ্গে কাজ করছেন আরও কয়েকজন মৃৎশিল্পী। তাঁদের একজন প্রণবেশ মন্ডল জানান, “ঠাকুর তৈরির মূল কাজটা গোকুলবাবু একাই করেন। বাকিরা তাঁকে সাহায্য করেন। দীর্ঘদিন ধরে আমরা তাঁকে এই কাজ করতে দেখছি।”
নিজের হাতের কাজ সম্পর্কে গোকুলবাবু বলেন, “মায়ের কাজে অনেক আনন্দ, তাই পরিশ্রম হলেও ক্লান্তি আসে না।” তার এই পেশার প্রতি ভালোবাসা ও নিষ্ঠা দেখে তরুণ প্রজন্মও অনুপ্রাণিত হচ্ছে।