অস্ত্র নিয়ে শিক্ষকের ওপর হামলা! দুষ্কৃতীকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিল বাসিন্দারা

আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করা এক দুষ্কৃতীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার নিমদাঁড়িয়া কোদালিয়া এলাকার বাসিন্দারা। এই ঘটনার পর এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
ঘটনার সূত্রপাত হয় এক শিক্ষকের উপর হামলার চেষ্টার পর। জানা গেছে, কেনা নামের ওই অভিযুক্ত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল। ঠিক সেই সময় এক শিক্ষক তার মোটরবাইকে করে যাচ্ছিলেন। কেনা ওই শিক্ষকের মোটরবাইকের সামনে গিয়ে ধাক্কা মারে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। শিক্ষকের চিৎকারে এলাকার বাসিন্দারা ছুটে আসেন এবং দুষ্কৃতী কেনাকে হাতেনাতে ধরে ফেলেন।
কেনাকে ধরার পর স্থানীয়রা তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করে। এরপর ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং কেনাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, কেনা দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই এবং অন্যান্য অপরাধমূলক কাজ করে আসছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগও ছিল এবং পুলিশ তাকে খুঁজছিল। শেষ পর্যন্ত জনগণের হাতে ধরা পড়ে সে। স্থানীয়রা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।