ক্ষমতার লড়াই তুঙ্গে! ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’, রাজ্যপাল-রাষ্ট্রপতির ক্ষমতার সীমা নিয়ে কড়া বার্তা প্রধান বিচারপতির

রাজ্যপাল ও রাষ্ট্রপতির কাছে আটকে থাকা বিল নিয়ে কেন্দ্র-রাজ্য বিতর্কের মধ্যে এবার সরাসরি কড়া বার্তা দিলেন দেশের প্রধান বিচারপতি বিআর গবাই। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের হলফনামা জমা দেওয়ার পর তিনি স্পষ্ট জানিয়ে দেন, “কেউ যতই উচ্চপদে থাকুন না কেন, তিনি আইনের ঊর্ধ্বে নন।” প্রধান বিচারপতির এই মন্তব্য বিচারবিভাগ এবং কেন্দ্রের মধ্যে নতুন করে সংঘাতের জন্ম দিয়েছে।

কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, কোনো রাজ্যপাল অনির্দিষ্টকালের জন্য কোনো বিল আটকে রাখতে পারেন না, তবে সেটির অনুমোদন বা খারিজের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, গত ৫৫ বছরে মাত্র ২০টি বিলে সম্মতি স্থগিত রাখা হয়েছে এবং ৯০ শতাংশ বিল এক মাসের মধ্যেই অনুমোদন পেয়েছে। এই তথ্য তুলে ধরে কেন্দ্র দাবি করে, রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া আদালতের ‘এক্তিয়ার বহির্ভূত’।

কেন্দ্রের এই যুক্তির পাল্টা হিসেবে প্রধান বিচারপতি বিআর গবাই প্রশ্ন তোলেন, “যদি কোনো সাংবিধানিক পদাধিকারী নিজের দায়িত্ব যথাযথভাবে পালন না করেন, তাহলে সংবিধানের রক্ষকরা কি হাত গুটিয়ে বসে থাকবেন?” তিনি আরও বলেন, “ক্ষমতার পার্থক্য থাকা প্রয়োজন। বিচারবিভাগীয় পর্যবেক্ষণ থাকাও জরুরি, তবে বিচারবিভাগীয় সন্ত্রাস তৈরি হওয়া উচিত নয়।”

তার এই মন্তব্য সংবিধানের কাঠামোতে ক্ষমতা ও ভারসাম্যের বিতর্ককে আরও উস্কে দিয়েছে। এই ঘটনা কেন্দ্র ও বিচারবিভাগের মধ্যে চলমান দ্বন্দ্বের নতুন একটি অধ্যায় উন্মোচন করল।