ভোটার তালিকায় নাম তোলার জন্য স্বাস্থ্যসাথী কার্ড নয়, রাজ্যকে স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) চলাকালীন স্বাস্থ্যসাথী কার্ডকে প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা যাবে না। নির্বাচন কমিশন এই বিষয়ে পশ্চিমবঙ্গকে স্পষ্ট নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভোটার তালিকা সংশোধনে জটিলতা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
রাজ্যের আর্জি খারিজ
সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ভোটার তালিকার জন্য স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করা যায় কি না, তা জানতে চেয়ে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছিলেন। কিন্তু কমিশন সেই আর্জি খারিজ করে দিয়েছে। কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য নাগরিকত্বের প্রমাণ প্রয়োজন, এবং সেই প্রমাণ হিসেবে স্বাস্থ্যসাথী কার্ড যথেষ্ট নয়।
ভোটের প্রস্ততি
এই সিদ্ধান্তের পর মনে করা হচ্ছে, বিহারের মতো পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হতে পারে। এই সংশোধন প্রক্রিয়ার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। এই নতুন নির্দেশিকার কারণে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে নাগরিকদের অন্য বৈধ নথি, যেমন আধার কার্ড, পাসপোর্ট, বা জন্ম শংসাপত্র ব্যবহার করতে হবে।