শচীনের জীবনে বাবার সেই এক কথাই বদলে দিয়েছিল সব! শিক্ষক দিবসে কোন অজানা কথা ফাঁস করলেন ক্রিকেট ঈশ্বর?

ক্রিকেট মাঠে তাঁর অসামান্য সাফল্যের নেপথ্যে বহু কোচ ও মেন্টরের অবদান থাকলেও, শচীন তেন্ডুলকরের কাছে তাঁর জীবনের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষক ছিলেন তাঁর প্রয়াত বাবা রমেশ তেন্ডুলকর। শিক্ষক দিবসে বাবাকে স্মরণ করে এক আবেগঘন বার্তায় ক্রিকেট কিংবদন্তি তুলে ধরেছেন তাঁর জীবনের নানান অজানা অধ্যায়। একই সঙ্গে তরুণ প্রজন্মের জন্য বড়সড় এক ফেলোশিপের ঘোষণাও করেছেন তিনি।

শচীন জানান, তাঁর জীবনের পথচলা কোনও ক্রিকেট কোচিং ক্যাম্প থেকে শুরু হয়নি, তার শুরু হয়েছিল নিজের ঘর থেকেই। ছোটবেলায় ক্রিকেটের প্রতি তাঁর ঝোঁক সবার আগে উপলব্ধি করেছিলেন তাঁর বাবা। রমেশ তেন্ডুলকর কখনও নিজের উচ্চাশা ছেলের ওপর চাপিয়ে দেননি, বরং ভালোবেসে নিজের পছন্দের পথে এগিয়ে যাওয়ার পূর্ণ স্বাধীনতা ও আত্মবিশ্বাস জুগিয়েছিলেন। পেশায় লেখক, কবি ও অধ্যাপক হলেও শচীনের কাছে তিনি ছিলেন পরম মেন্টর। বাবার শেখানো একটি অমূল্য শিক্ষা আজও তাঁর পাথেয়—ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু অসততা নয় এবং সাফল্যের জন্য শর্টকাট নেওয়া কখনোই উচিত নয়।

শচীনের মতে, প্রকৃত শিক্ষকের সবচেয়ে বড় গুণ হলো মানুষের ভেতরের সেই সুপ্ত সম্ভাবনাকে চিনিয়ে দেওয়া, যা সে নিজে তখনও দেখতে পায়নি। তাঁর বাবা ঠিক সেটাই করেছিলেন। আর প্রিয় বাবার সেই আদর্শকে বাঁচিয়ে রাখতেই শিক্ষক দিবসের পবিত্র লগ্নে ‘প্রফেসর রমেশ তেন্ডুলকর মেমোরিয়াল’ ফেলোশিপ চালুর ঘোষণা করলেন তিনি, যা আগামী দিনে বহু তরুণ প্রতিভাকে নিজেদের স্বপ্ন পূরণে সাহায্য করবে।