iPad-এর GPS-এর কামাল, ৫০ লক্ষ টাকার চুরির কিনারা, হাওড়া স্টেশন থেকে চোরকে ধরল পুলিশ

চোরেরাও এখন প্রযুক্তি-সচেতন। কিন্তু এক কদম এগিয়ে থাকলো Apple-এর প্রযুক্তি। নিউটাউনের এক বিলাসবহুল আবাসনে ৫০ লক্ষ টাকার চুরির ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। কিন্তু চুরি যাওয়া একটি iPad-এর GPS ট্র্যাকারই শেষ পর্যন্ত পুলিশকে চোরের কাছে পৌঁছে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে নিউটাউনের ইউনি ওয়ার্ল্ড সিটি আবাসনে। ব্যবসায়ী সৈয়দ তাজউদ্দিন এবং তাঁর স্ত্রী গভীর রাতে ফ্ল্যাটে ফিরে দেখেন, তাঁদের দামি গাড়িটি গ্যারেজে নেই। ঘরের ভেতরেও সবকিছু লণ্ডভণ্ড, আলমারি খোলা এবং সিসিটিভি ও ওয়াইফাই ক্যামেরা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। চুরি হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকার জিনিসপত্র— যার মধ্যে ছিল সোনার গয়না, রুপোর অলঙ্কার, দামি হাতঘড়ি, ল্যাপটপ এবং একটি ট্রলি ব্যাগের সঙ্গে একটি Apple iPad।

হাওড়া স্টেশনে লুকিয়েও লাভ হলো না
চুরির ঘটনা জানার পরেই তাজউদ্দিন আর দেরি করেননি। তিনি সঙ্গে সঙ্গে টেকনোসিটি থানায় খবর দেন এবং একইসঙ্গে নিজের মোবাইল থেকে চুরি যাওয়া iPad-এর লোকেশন ট্র্যাক করতে শুরু করেন। কয়েক মিনিটের মধ্যেই দেখা যায়, iPad-এর সিগন্যাল আসছে হাওড়া স্টেশন থেকে।

পুলিশ দ্রুত হাওড়া স্টেশনে পৌঁছায় এবং iPad-এর লোকেশন ধরে হাতেনাতে ধরে ফেলে অভিযুক্ত সুজিত যাদবকে। পুলিশ সূত্রে জানা গেছে, সুজিত একসময় তাজউদ্দিনের বাড়িতে তিন বছর ধরে পরিচারকের কাজ করত। সেই সুবাদে বাড়ির সবকিছুই তার নখদর্পণে ছিল। কয়েক মাস আগে সে কাজ ছেড়ে দেয় এবং তারপরই চুরির ছক কষে। সম্প্রতি গাড়ি চালানো শেখায়, চুরি করা গাড়িটি আবাসনের কিছুটা দূরে ফেলে রেখে ক্যাব ধরে হাওড়া স্টেশনে চলে যায়। তার উদ্দেশ্য ছিল দিল্লি পালিয়ে যাওয়া। কিন্তু প্রযুক্তির জালে ধরা পড়ে যায় সে।

টেকনোসিটি থানার এক আধিকারিক জানান, আইপ্যাডের জিপিএস ট্র্যাকার না থাকলে এত দ্রুত এই চুরির কিনারা করা প্রায় অসম্ভব ছিল। সুজিতের কাছ থেকে চুরি যাওয়া বেশিরভাগ জিনিসপত্র উদ্ধার করা হয়েছে এবং তাকে আদালতে তোলা হয়েছে।