প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের বিশাল সম্পত্তি এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। তাঁর প্রথম স্ত্রী বলিউড তারকা করিশ্মা কাপুরের দুই সন্তান, সামাইরা এবং কিয়ান, বাবার সম্পত্তিতে নিজেদের ন্যায্য অধিকার চেয়ে দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের করেছে। এই মামলায় সঞ্জয়ের দ্বিতীয় স্ত্রী প্রিয়া সচদেবের (Priya Sachdev) বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে।
মামলাটি মূলত সম্পত্তি ভাগ, আর্থিক হিসাব প্রকাশ এবং স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে করা হয়েছে। করিশ্মা-সঞ্জয়ের দুই সন্তানের অভিযোগ, সঞ্জয়ের মৃত্যুর পর প্রিয়া সচদেব সম্পত্তির কোনো নথি বা তথ্য দিতে রাজি হননি। এমনকি তিনি গোপনে কিছু সম্পত্তি বিক্রি করারও চেষ্টা করেছেন, যা তাদের স্বার্থের পরিপন্থী।
মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগটি হলো, সঞ্জয়ের মৃত্যুর সাত সপ্তাহ পর একটি রহস্যময় ‘শেষ উইল’-এর আবির্ভাব। এই উইলটি ২০২৫ সালের ২১শে মার্চের। সামাইরা ও কিয়ানের দাবি, প্রিয়া তাঁদেরকে বারবার বলেছিলেন যে কোনো উইল নেই। কিন্তু পরে হঠাৎ করে একটি বৈঠকে এই উইলটি দেখানো হয়, যদিও তাঁদের কোনো কপি দেওয়া হয়নি। তাঁদের মতে, এই উইলটি খুবই সন্দেহজনক।
তাঁরা আরও অভিযোগ করেন, তাঁদের বাবার মৃত্যুর পর জানানো হয়েছিল যে সঞ্জয়ের সমস্ত সম্পত্তি একটি ‘আরকে ফ্যামিলি ট্রাস্ট’-এর অধীনে রয়েছে। কিন্তু পারিবারিক ট্রাস্টের বিস্তারিত দলিল বা সম্পত্তির সম্পূর্ণ বিবরণ তাঁদেরকে কখনও দেওয়া হয়নি। এই স্বচ্ছতার অভাবই এই মামলার মূল বিষয়।
মামলায় প্রিয়া সচদেবের আচরণকে ‘অত্যন্ত সন্দেহজনক’ বলা হয়েছে। বারবার ‘কোনো উইল নেই’ বলে আশ্বাস দেওয়ার পরেও এত দিন পর একটি ‘কথিত উইল’-এর আবির্ভাব প্রমাণ করে যে এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। সন্তানদের দাবি, তাঁদের বাবার ব্যক্তিগত সম্পত্তিতে তাঁদের ন্যায্য অধিকার রয়েছে। আদালত এখন উইলটির বৈধতা, ট্রাস্টের অবস্থা এবং প্রিয়ার পদক্ষেপগুলো খতিয়ে দেখবে।