রাজনৈতিক অস্থিরতা এবার জেলে! নেপালের কারাগারে ভয়ংকর ঘটনা, ডজনখানেক বন্দি আহত

নেপালের রাজনৈতিক অস্থিরতার আগুন এবার কারাগার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রামেচাপ জেলা কারাগার থেকে একযোগে পালানোর চেষ্টা করে বন্দিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তারক্ষীরা গুলি চালালে অন্তত ১২ জন বন্দি আহত হন।

পালানোর চেষ্টা ও নিরাপত্তা বাহিনীর পদক্ষেপ
রামেচাপ জেলার প্রশাসক শ্যামকৃষ্ণ থাপা জানান, বন্দিরা কারাগারের একাধিক তালা ভেঙে প্রধান ফটকের দিকে এগোচ্ছিল। নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রামেচাপ ছাড়াও কাঠমান্ডু, পোখরা এবং ললিতপুরের জেল থেকেও বহু বন্দি পালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এরপরই ভারতের সীমান্তরক্ষী বাহিনী (SSB) উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর সীমান্তে নজরদারি বাড়ায় এবং ২২ জন নেপালি বন্দিকে আটক করে।

নেপালে রাজনৈতিক অস্থিরতা
সামান্য একটি সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হওয়া ‘জেন জেড’-এর আন্দোলন এখন দেশজুড়ে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতায় রূপ নিয়েছে। এই বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ২৫ জন নিহত এবং ৬০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। রাজধানী কাঠমান্ডুসহ দেশের একাধিক শহরে কারফিউ জারি করা হয়েছে এবং সেনাবাহিনী টহল দিচ্ছে।

এই পরিস্থিতিতে কাঠমান্ডুর মেয়র বালেন শাহ নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেছেন, “দেশ একটি অস্থির সময় পার করছে। আতঙ্কিত হবেন না। অন্তর্বর্তী সরকার গঠনের পর নতুন নির্বাচন হবে, মানুষই তাদের ভবিষ্যৎ ঠিক করবে।” সাময়িক বন্ধ থাকার পর নেপালের আন্তর্জাতিক বিমানবন্দর আবার খুলেছে, তবে রাজধানীতে এখনো ১৪৪ ধারা বহাল রয়েছে।