আসল ইলিশ চিনবেন কীভাবে? কেনার আগে এই ৫টি জিনিস দেখে নিন, ঠকবেন না!

ইলিশের নাম শুনলে জিভে জল আসে না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। স্বাদে ও গন্ধে অতুলনীয় এই মাছের রয়েছে নানা পুষ্টিগুণও। আয়োডিন, সেলেনিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, জিঙ্ক, সোডিয়াম, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান ইলিশের মধ্যে ভরপুর থাকে। ফসফরাস দাঁত ও ক্যালসিয়াম হাড়ের পুষ্টি জোগায়, আর সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও লৌহ শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত জরুরি।
তবে দুঃখের বিষয়, বাজারে এখন ভেজাল ইলিশের ছড়াছড়ি। অসাধু ব্যবসায়ীরা ফরমালিন দিয়ে বাসি মাছকে তাজা বলে বিক্রি করে। তাই আসল ও টাটকা ইলিশ চেনা জরুরি।
টাটকা ইলিশ চেনার সহজ উপায়
১. রঙ: টাটকা ইলিশের রঙ হয় উজ্জ্বল ও চকচকে রূপালী। মাছ যত বেশি উজ্জ্বল হবে, ধরে নেওয়া যায় সেটি তত বেশি টাটকা এবং সুস্বাদু। বাসি ইলিশের রঙ অনেকটা মলিন দেখায়।
২. ওজন: টাটকা ইলিশ সাধারণত বেশ প্রশস্ত এবং ওজনেও ভারী হয়। মাছের আকার এবং ওজনে এক ধরনের সামঞ্জস্য থাকে। অন্যদিকে, বাসি বা রাসায়নিক দেওয়া ইলিশ অনেকটা চুপসে যায় এবং তার ওজনও কম মনে হয়।
৩. কানকো: ইলিশ কেনার আগে কানকো অবশ্যই পরীক্ষা করে নিন। টাটকা ইলিশের কানকো থাকে তাজা রক্তের মতো লাল এবং এর মধ্যে এক ধরনের পিচ্ছিল ভাব থাকে। বাসি ইলিশের কানকো কখনোই উজ্জ্বল লাল হয় না।
৪. চোখ: টাটকা ইলিশের চোখ উজ্জ্বল ও পরিষ্কার হয়। বাসি মাছের চোখের উপরে সাদা আস্তরণ পড়ে যায়, যা দেখে সহজেই বাসি ইলিশ চেনা যায়।
৫. গন্ধ: তাজা ইলিশের নিজস্ব একটি মিষ্টি গন্ধ আছে। যদি ইলিশের গায়ে কোনো রাসায়নিক বা বাজে গন্ধ পান, তবে নিশ্চিত হয়ে যান সেটি বাসি এবং তাতে ফরমালিন দেওয়া হয়েছে।
এই টিপসগুলো মাথায় রাখলে বাজারে ইলিশ কিনতে গিয়ে আর ঠকতে হবে না।