প্রধানমন্ত্রীর পদত্যাগেও থামল না নেপালের বিক্ষোভ, নতুন নেপাল গড়ার ডাক ‘জেন-জেড’দের!

নেপালে গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পরেও পরিস্থিতি শান্ত হয়নি। রাজধানী কাঠমান্ডুসহ একাধিক শহরে সেনা মোতায়েন করা হয়েছে, সংসদ ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং রাস্তায় রাস্তায় চলছে বিক্ষোভ। এই পরিস্থিতিতে ‘জেন-জেড’ প্রজন্ম, যাদের আন্দোলনে অলি সরকারের পতন হয়েছে, তারা এবার নতুন কিছু রাজনৈতিক ও সামাজিক দাবি সামনে এনেছে।

আন্দোলনকারীদের দাবি, বিক্ষোভে যারা নিহত হয়েছে, তাদের সবাইকে শহিদ হিসেবে স্বীকৃতি দিতে হবে। তাদের পরিবারকে রাষ্ট্রীয় সম্মান ও ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া, দেশের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

অবিলম্বে বর্তমান সংসদ ভেঙে দিতে হবে, যা জনগণের বিশ্বাস হারিয়েছে।

নাগরিক, বিশেষজ্ঞ ও তরুণদের সক্রিয় অংশগ্রহণে নতুন করে সংবিধান রচনা করতে হবে।

দেশের লুঠ করা সম্পত্তি পুনরুদ্ধার করতে হবে এবং এর জন্য তদন্ত করতে হবে।

শিক্ষা, স্বাস্থ্য, বিচার, নিরাপত্তা এবং যোগাযোগ – এই পাঁচটি মৌলিক প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কার করতে হবে।

সরাসরি নির্বাচিত নির্বাহী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

বেকারত্ব রোধ এবং সামাজিক বৈষম্য দূর করতে নতুন কর্মসূচি চালু করতে হবে।

অলরি পদত্যাগের পর থেকেই নেপালি সেনা দেশের আইনশৃঙ্খলা নিজেদের হাতে নিয়েছে। বুধবার ভোর থেকে কাঠমান্ডু, ললিতপুর ও ভক্তপুরসহ বিভিন্ন শহরে সেনা টহল শুরু হয়েছে। সেনার পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, যদি সরকারি সম্পত্তি এবং জনগণের ক্ষতি অব্যাহত থাকে, তাহলে সেনাবাহিনী সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে।

আন্দোলনকারীদের মতে, এটি কেবল একটি শুরু। তাদের লক্ষ্য, একটি নতুন নেপাল গড়ে তোলা।