নেপালের অস্থিরতায় উদ্বিগ্ন ভারত, শান্তি ফেরানোর আহ্বান প্রধানমন্ত্রীর!

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকের পর তিনি বলেন, নেপালে যে হিংসা হচ্ছে, তা ‘হৃদয় বিদারক’। একইসঙ্গে তিনি শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর জন্য নেপালের জনগণের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন।

গত সোমবার থেকে নেপাল উত্তপ্ত। সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা এবং সরকারের প্রতি জনগণের ক্ষোভ থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন সর্বাত্মক আন্দোলনে পরিণত হয়েছে। পুলিশ গুলি চালালে কমপক্ষে ২০ জন আন্দোলনকারী নিহত হন, যার পর পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিক্ষোভকারীরা সংসদ ভবন জ্বালিয়ে দেয় এবং অর্থমন্ত্রীসহ একাধিক মন্ত্রীকে মারধর করে। এমনকি, একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী অগ্নিদগ্ধ হয়ে মারাও গেছেন বলে খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, “হিমাচল প্রদেশ ও পাঞ্জাব থেকে ফিরে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে নেপালের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। নেপালের সহিংসতা হৃদয় বিদারক। এত সংখ্যক যুবকের মৃত্যুতে আমি উদ্বিগ্ন। নেপালের শান্তি ও স্থিতিশীলতা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি নেপালের ভাই-বোনদের কাছে বিনীত অনুরোধ জানাই যে তারা যেন শান্তিকে সমর্থন করেন।”