গুজরাটের মন্দির এবার মুর্শিদাবাদে! দুর্গাপূজা কমিটির চমক, দর্শনার্থীদের ভিড় সামলাতে প্রস্তুত প্রশাসন

পুজোর আগেই দর্শনার্থীদের চমক দিতে চলেছে বহরমপুর। মুর্শিদাবাদ জেলার অন্যতম বিগ বাজেটের পুজো, পুরাতন কান্দি বাসস্ট্যান্ড ক্লাবের এ বছরের থিম গুজরাতের ভাদনগরে অবস্থিত ঐতিহাসিক হাটকেশ্বর মহাদেব মন্দির। পুজোর দিনগুলিতে গুজরাতের প্রাচীন এই মন্দিরের আদলে তৈরি মণ্ডপ দেখতে পাবেন দর্শনার্থীরা।
৪৮তম বর্ষে পদার্পণ করা এই ক্লাবটি তাদের পুজোতে চমক দিতে কোনো ত্রুটি রাখছে না। মণ্ডপসজ্জা থেকে শুরু করে প্রতিমা, সবকিছুতেই লেগেছে নতুনত্বের ছোঁয়া। ক্লাব প্রাঙ্গণে প্রতিমা তৈরির কাজও প্রায় শেষের দিকে।
পুজো মানেই আলোর রোশনাই আর নানা ধরনের আয়োজন। এবার এই পুজোয় আলোকসজ্জা এবং লেজার লাইট শোর ব্যবস্থা করা হয়েছে। দিনরাত এক করে চলছে মণ্ডপসজ্জার কাজ। কর্মকর্তাদের আশা, এই বিশেষ থিম দেখতে লক্ষাধিক দর্শনার্থীর সমাগম হবে।
ক্লাবের কর্মকর্তা ভীস্মদেব কর্মকার বলেন, “প্রতি বছর থিম পুজোর মধ্যে আমাদের ক্লাব নজর কাড়ে। এবারও বহরমপুর শহরবাসীর জন্য বড় চমক অপেক্ষা করছে।”
জানা গেছে, চতুর্থীর দিন মণ্ডপের উদ্বোধন করা হবে। পুজোর উদ্বোধনে কয়েকজন হেভিওয়েট নেতা বা তারকাদের আনার প্রক্রিয়া চলছে, যদিও তাদের নাম এখনও জানা যায়নি। এই পুজো ঘিরে মুর্শিদাবাদ জেলার দর্শনার্থীদের মধ্যে ইতিমধ্যেই দারুণ উন্মাদনা তৈরি হয়েছে।