সহিংসতা বন্ধের আহ্বান, নেপালে নতুন অন্তর্বর্তী সরকার গঠনের দাবি আন্দোলনকারীদের

তিন দিনের প্রবল বিক্ষোভের পর অবশেষে শান্তি ফিরিয়ে আনতে এগিয়ে এল নেপালের বিক্ষোভকারী ‘জেন-জেড’ প্রজন্ম। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর এবার তারা একটি অন্তর্বর্তী সরকার গঠনের দাবি জানিয়েছে এবং নতুন করে কোনো হিংসা বা অশান্তি না করার আহ্বান জানিয়েছে।
গণবিক্ষোভের প্রতিনিধি দলের পক্ষে রবি কিরণ হামাল একটি প্রেস বিবৃতি জারি করে এই বার্তা দেন। তারা জানায়, নতুন সরকার গঠনের সময় কোনো পুরনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ থাকবে না। এর বদলে, অন্তর্বর্তী সরকার গঠনে জেন-জেড প্রজন্মের প্রতিনিধিদের প্রাধান্য দিতে হবে। দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাকে তারা প্রাথমিক কাজ হিসেবে উল্লেখ করেছে।
একই সাথে, বিক্ষোভে নিহতদের ‘শহীদ’ ঘোষণা করারও দাবি জানানো হয়েছে।
পর্যটকদের মধ্যে এই অস্থিরতা আতঙ্ক তৈরি করেছে। বহু পর্যটক এবং চিকিৎসার জন্য আসা রোগীরা দেশ ছেড়ে ফিরে আসছেন। তবে, নেপালের সাধারণ মানুষ মনে করছেন, জেন-জেড আন্দোলনের এই পদক্ষেপের ফলে দেশজুড়ে চলা অস্থিরতা কিছুটা হলেও কমবে।