আয় ১০ হাজার, ইনকাম ট্যাক্স নোটিশ ৪৬ কোটি টাকার! জীবন জেরবার ধাবার রাঁধুনির

দিনমজুরের জীবনে হঠাৎই এক বিশাল ধাক্কা। মাসে ১০ হাজার টাকা উপার্জন করা মধ্যপ্রদেশের এক ধাবা কর্মীর কাছে ৪৬ কোটি টাকার আয়কর ফাঁকির নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর। প্রতারণার শিকার হয়ে নতুন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্যই এমন বিপত্তিতে পড়েছেন রবীন্দ্র সিং চৌহান নামের ওই ব্যক্তি। এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

কীভাবে ঘটল এই ঘটনা?
রবীন্দ্র সিং চৌহান ভিড়ের গান্ধী নগরের বাসিন্দা এবং গোয়ালিয়রের একটি ছোট ধাবায় রান্নার কাজ করেন। রবীন্দ্র জানান, ‘আমি জীবনে এত টাকা চোখেও দেখিনি, সেখানে এত বড় অঙ্কের আয়কর ফাঁকি কী করে দেব? এক বছরে আমার নিজের অ্যাকাউন্টে তিন লক্ষ টাকারও লেনদেন হয়নি।’

জানা গেছে, ২০১৭-১৮ সালে রবীন্দ্র দিল্লিতে একটি টোল প্লাজায় সহকারী হিসেবে কাজ করতেন। সেখানে তার সুপারভাইজার তাকে ভুল বুঝিয়ে একটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলান। সুপারভাইজার তাকে বলেছিলেন, এই অ্যাকাউন্ট খুললে পিএফ-এর পাশাপাশি প্রতি মাসে ১০ হাজার টাকা অতিরিক্ত ইনসেনটিভ পাওয়া যাবে। রবীন্দ্রের পরিচয়পত্রের প্রতিলিপিও নিয়ে নেন সেই সুপারভাইজার। কিন্তু রবীন্দ্র আর কোনো অতিরিক্ত টাকা পাননি। পরে তিনি যখন অ্যাকাউন্টটি বন্ধ করতে চান, তখন সুপারভাইজার নানা অজুহাত দেখিয়ে তাকে বাধা দেন।

২০২২ সালে হঠাৎই সেই সুপারভাইজার কাজ ছেড়ে উধাও হয়ে যান। রবীন্দ্রও চাকরি হারান এবং নতুন কাজের সন্ধানে পুনে চলে যান। তিনি আর সেই দিল্লির ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ নেননি।

কোটি টাকার লেনদেন
আয়কর সূত্র থেকে জানা গেছে, রবীন্দ্রের নামে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। একটি ভিন্ডে এবং অন্যটি দিল্লিতে। ভিন্ডের অ্যাকাউন্টে অল্প লেনদেন হলেও, দিল্লির অ্যাকাউন্টটি ‘শৌর্য ট্রেডিং কোম্পানি’ নামে একটি সংস্থার সঙ্গে যুক্ত ছিল। ওই অ্যাকাউন্ট দিয়ে ৪৬ কোটি টাকার লেনদেন হয়েছে। বর্তমানে ওই অ্যাকাউন্টে ১৩ লক্ষ টাকা জমা রয়েছে।

গত ৯ এপ্রিল রবীন্দ্র প্রথম আয়কর নোটিশ পান, কিন্তু তিনি তা পাত্তা দেননি। এরপর ২৫ জুলাই দ্বিতীয় নোটিশ এলে তিনি আইনজীবীর সাহায্য নেন। আইনজীবীর পরামর্শে তিনি সিরাউল থানায় অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এখন রান্নার কাজ ছেড়ে প্রতিদিন তাকে আইনজীবীর সঙ্গে আয়কর অফিসে ছোটাছুটি করতে হচ্ছে, যার ফলে তিনি তার চাকরিও হারাতে পারেন।