সুবুজায়নের পর এবার ত্রিমাত্রিক, পুজোয় বিশেষ চমক দিতে প্রস্তুত বার্নপুর

আকাশজুড়ে পেঁজা তুলোর মেঘ, নদীর ধারে কাশফুলের দোলা আর পুজো পুজো গন্ধ— প্রকৃতি জানান দিচ্ছে উৎসব এসে গেছে। দুর্গাপূজাকে সামনে রেখে বিভিন্ন মণ্ডপে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এ বছরও বরাবরের মতো নজরকাড়া থিমের চমক নিয়ে হাজির আসানসোলের বার্নপুর।
ত্রিমাত্রিক রূপে মহালক্ষ্মী
বার্নপুর এ বি টাইপ পুজো কমিটি এবার তাদের ৪৬তম বর্ষে ‘ত্রিমাত্রিক’ থিমের মণ্ডপ তৈরি করছে। ব্রহ্ম, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত শক্তিতে কীভাবে দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল, সেই পুরাণের গল্পই ফুটিয়ে তোলা হচ্ছে এই থিমে। গত বছর তাদের থিম ছিল ‘সুবুজায়ন’। পুজো কমিটির যুগ্ম সম্পাদক বিধান রায় জানান, প্রত্যেক বছরই তারা দুর্গাপূজা শেষে নতুন থিম নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন।
প্লাস্টিক বর্জিত মণ্ডপ
পরিবেশ সুরক্ষায় বিশেষ জোর দিয়ে এবার এই মণ্ডপটি পুরোপুরি প্লাস্টিক বর্জন করে তৈরি করা হচ্ছে। প্রায় ৯ লক্ষ টাকা বাজেটে বাঁশ, কাঠ, প্লাই ও লোহার কাঠামো দিয়ে মণ্ডপটি সাজিয়ে তোলা হচ্ছে। এর সঙ্গে থাকছে আধুনিক ডিজাইনের ঝাড়বাতি এবং বড় বড় প্রদীপের অনুকরণে বিদ্যুতের আলোর বিশেষ সজ্জা। মণ্ডপের ভিতরে প্রবেশের সঙ্গে সঙ্গেই দর্শনার্থীরা এক নতুন অভিজ্ঞতা পাবেন, যা তাদের মুগ্ধ করবে। প্রতিমাতেও থাকছে নতুনত্বের ছোঁয়া।