গাছের তলায় ‘ওগুলো’ কী? আবর্জনার স্তূপে উদ্ধার হলো প্রচুর ভোটার কার্ড, বাড়ছে জল্পনা

আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে ভুয়ো ভোটার ইস্যু নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত, তখন আসানসোলের সালানপুর থানার লহাট এলাকায় আবর্জনার মধ্যে প্রচুর পরিমাণে ভোটার কার্ড পড়ে থাকতে দেখা গেছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা এটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

স্থানীয়দের অনুমান, এই ভোটার কার্ডগুলো ভুয়ো এবং সেই কারণেই কেউ বা কারা এগুলিকে এভাবে ফেলে দিয়ে গেছে। উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলিতে ঠিকানা হিসেবে আসানসোলের চিত্তরঞ্জন লেখা রয়েছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভোটার কার্ডগুলো উদ্ধার করে। নির্বাচনের আগে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে এই কার্ডগুলোর বৈধতা যাচাই করা হচ্ছে। এই ঘটনাটি আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার সৃষ্টি করেছে।