ক্যানসার নিরাময়ে নতুন আশা! রাশিয়ায় তৈরি হলো ক্যানসারের টিকা, সফল হয়েছে প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল

বিশ্বে ক্যানসার নিরাময়ের লক্ষ্যে এক বড়সড় সাফল্য অর্জন করল রাশিয়া। দেশটির বিজ্ঞানীরা একটি নতুন ক্যানসার টিকা তৈরি করেছেন, যা প্রি-ক্লিনিক্যাল পরীক্ষায় সফল হয়েছে। ফেডারেল মেডিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি (FMBA) এই টিকাটি তৈরি করেছে, যা লক্ষ লক্ষ ক্যানসার রোগীর জন্য নতুন আশার আলো দেখাচ্ছে।

রাশিয়ান সংবাদ সংস্থা TASS-এর এক প্রতিবেদন অনুসারে, FMBA-এর প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা জানিয়েছেন, এই এমআরএনএ-ভিত্তিক ভ্যাকসিনটি সকল প্রি-ক্লিনিক্যাল পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, এটি নিরাপদ এবং কার্যকর। গবেষকরা দেখেছেন যে, এই টিকা ব্যবহার করার পর টিউমারের আকার ও বৃদ্ধি হ্রাস পাচ্ছে এবং রোগীদের বেঁচে থাকার সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে।

এই টিকাটি এখন ব্যবহারের জন্য প্রস্তুত। বিজ্ঞানীরা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য অপেক্ষা করছেন। স্কভোর্টসোভা জানান, এই গবেষণাটি বেশ কয়েক বছর ধরে চলছিল এবং গত তিন বছরে এর বাধ্যতামূলক প্রি-ক্লিনিক্যাল গবেষণা পরিচালিত হয়েছে।

এই টিকার প্রাথমিক লক্ষ্য হলো কোলোরেক্টাল ক্যানসার, যা কোলন ক্যানসার নামেও পরিচিত। তবে এটি ফুসফুস, স্তন, কোলোরেক্টাল এবং অগ্ন্যাশয়ের ক্যানসার আক্রান্ত রোগীদের জন্যও কার্যকর হতে পারে। এছাড়াও, বংশগত ক্যানসার সিন্ড্রোমের উচ্চ ঝুঁকিপূর্ণ রোগী এবং কেমোথেরাপি-প্রতিরোধী ক্যানসারের রোগীরাও এই টিকা থেকে উপকৃত হতে পারেন।