ফের ভিজবে রাজ্য! পুজোর আগে দুঃসংবাদ, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা

কয়েকদিন শুকনো খটখটে আবহাওয়ার পরে অবশেষে রাজ্যে ফিরছে বৃষ্টি। মঙ্গলবার বিকেল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে রাজ্যে। এর জেরেই এই বৃষ্টিপাত।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার সারাদিনই দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। তবে বিকেলের পর থেকে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকাল, অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে। তবে সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ কমে যাবে, ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি ফের বাড়বে। বিশ্বকর্মা পুজো পর্যন্ত আবহাওয়া এমন খামখেয়ালি আচরণ করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টি
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টি জারি থাকবে। বুধবার পর্যন্ত সেখানকার জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে সব জেলাতেই। মঙ্গলবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত উত্তরের সব জেলাতেই কমবেশি বৃষ্টি জারি থাকবে বলে জানানো হয়েছে।