সকালে ঘুম ভাঙতেই ইডির হানা, চার জেলায় একযোগে তল্লাশি, আতঙ্কে বালু ব্যবসায়ীরা

বালু পাচার মামলার তদন্তে এবার রাজ্যের চার জেলায় একযোগে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকালে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় নদিয়া, কলকাতা, হুগলি এবং উত্তর ২৪ পরগনার ২২টি ঠিকানায় তল্লাশি শুরু হয়। ইডির এই হঠাৎ অভিযানে আতঙ্ক ছড়িয়েছে বালু মাফিয়াদের মধ্যে।
জানা গেছে, ইডি-র মূল নজর রয়েছে বালু পাচার চক্রের সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যবসায়ী ও তাদের ঘনিষ্ঠদের ওপর। এদিন সকালে নদীয়ার কল্যাণীতে ধীমান চক্রবর্তী নামে এক ব্যক্তির বাড়িতেও অভিযান চালানো হয়। ধীমান কলকাতার সেক্টর ফাইভ-এর জিডি মাইনিং অফিসের একজন ডিরেক্টর। ইডি আধিকারিকরা তার বাড়িতে সকাল ৭টা থেকে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন।
শুধুমাত্র ধীমান নন, একই সময়ে এই চার জেলার একাধিক বালু ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চালানো হয়েছে। ইডি সূত্রে খবর, বালু পাচারের মাধ্যমে উপার্জিত কালো টাকা কোথায় রাখা হয়েছে, তা খুঁজে বের করাই এই অভিযানের প্রধান লক্ষ্য। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।