নয়ডার পর এবার কলকাতা, নিউটাউনের বহুতল ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের, আতঙ্কে হাজার হাজার ফ্ল্যাট মালিক

নয়ডার কুখ্যাত সুপারটেক টুইন টাওয়ারের কথা মনে আছে? অবৈধ নির্মাণের জন্য চোখের পলকে ভেঙে ফেলা হয়েছিল সেই ৩২ তলা বহুতল। এবার সেই একই ভাগ্য বরণ করতে চলেছে কলকাতার নিউটাউনের অভিজাত আবাসন ‘এলিটা গার্ডেন ভিস্তা’-র একটি টাওয়ার। গত শুক্রবার কলকাতা হাইকোর্ট এই আবাসনটির ১৬ নম্বর টাওয়ারকে অবৈধ ঘোষণা করে সেটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে।
কেন ভেঙে ফেলার নির্দেশ?
কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এলিটা গার্ডেন ভিস্তা-র ১৬ নম্বর টাওয়ার সম্পূর্ণ অবৈধ। ২৬ তলার এই টাওয়ারে ১৬০টি ফ্ল্যাট রয়েছে, যার ভবিষ্যৎ এখন অনিশ্চিত।
মামলার শুরু যেভাবে:
২০১৮ সালে ১৫টি টাওয়ারের কিছু ফ্ল্যাট মালিক নির্মাতা, NKDA এবং রাজ্যের বিরুদ্ধে একটি রিট পিটিশন দাখিল করেন। তাদের অভিযোগ ছিল, মূল পরিকল্পনায় ১৫টি টাওয়ার নির্মাণের কথা থাকলেও, পরে ডেভেলপার গোপনে একটি অতিরিক্ত টাওয়ারের জন্য NKDA-র থেকে অনুমোদন নিয়েছিলেন। এতে ফ্ল্যাট মালিকদের কার্পেট এরিয়া এবং কমন স্পেস কমে যায়।
২০১৫ সালে NKDA অতিরিক্ত টাওয়ারের অনুমোদন দিলেও, ফ্ল্যাট মালিকরা বিষয়টি জানতে পারেন ২০১৭ সালে। এরপরই তাঁরা আদালতের দ্বারস্থ হন।
আদালতের বারবার একই রায়
২০১৮ সালে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানায়, ২০১৫ সালে NKDA-র দেওয়া অনুমোদনটি অবৈধ। টাওয়ারটিকেও অবৈধ ঘোষণা করা হয়। কিন্তু, তারপরেও নির্মাণকাজ বন্ধ হয়নি।
এরপর সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করা হয়। ডিভিশন বেঞ্চও সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে এবং আগামী দুই মাসের মধ্যে অবৈধ টাওয়ারটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে।
আবাসিকদের মাথায় হাত
আদালতের এই রায়ে ১৬ নম্বর টাওয়ারের বাসিন্দাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এক বাসিন্দা বলেন, “বাড়িটাও গেল, আর টাকাটাও। এই টাকায় এখন কলকাতায় আর কিছুই কেনা সম্ভব নয়।”
তবে শুধু ১৬ নম্বর টাওয়ার নয়, এর পাশের ৭ এবং ৯ নম্বর টাওয়ারের বাসিন্দারাও আতঙ্কে রয়েছেন। তাঁদের ভয়, এত বড় বিল্ডিং ভাঙার সময় যদি তাদের ফ্ল্যাটেও কোনো ক্ষতি হয়। বুলডোজার দিয়ে নয়, ডিনামাইট দিয়েই এই টাওয়ারটি ভাঙতে হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
যদিও ১৬ নম্বর টাওয়ারের বাসিন্দারা এখনো আশাবাদী যে আদালত মানবিকতার খাতিরে এই রায়ের পুনর্বিবেচনা করবে।