ভিন রাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদে পথে নামল হিন্দিভাষী মানুষ!

ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন এবং বাংলা ভাষার অবমাননার প্রতিবাদে এবার এক অন্যরকম ছবি দেখা গেল। উত্তর ২৪ পরগনার গারুলিয়া পৌরসভার হিন্দিভাষী মানুষজন এই প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। সোমবার সকালে ‘গারুলিয়া হিন্দি ভাষাভাষী সমাজ’ এবং ‘গারুলিয়া অবাঙ্গালী সমাজের’ পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

গারুলিয়া মূলত অবাঙালি অধ্যুষিত এলাকা। এই অবাঙালি সমাজের মানুষজনই ভিন রাজ্যে ঘটে যাওয়া বাঙালি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নামেন। মিছিলটি গারুলিয়ার রত্নেশ্বর ঘাট থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এই মিছিলে হিন্দি ভাষায় লেখা স্লোগান ছিল, ‘দিদিকে হাত হামলোগোকে সাথ।’ যা থেকে বোঝা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা আন্দোলন শুরু করেছেন তাতে হিন্দিভাষী মানুষরাও সমর্থন জানাচ্ছেন।

সম্প্রতি ধর্মতলায় ভাষা আন্দোলনের মঞ্চ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আদালতের অনুমতি অতিক্রান্ত হওয়ায় ভারতীয় সেনাবাহিনী এই মঞ্চটি খুলে দেয়। এই ঘটনার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীর সমালোচনা করেন। পরে অবশ্য সিদ্ধান্ত হয় যে, মঞ্চটি পাশেই রানি রাসমনি অ্যাভিনিউতে সরিয়ে নিয়ে যাওয়া হবে এবং বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত এই আন্দোলন চলবে।

তবে সব বিতর্কের ঊর্ধ্বে উঠে গারুলিয়ার হিন্দিভাষী মানুষজন যেভাবে বাংলা ভাষা এবং বাঙালিদের জন্য পথে নেমেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এই ঘটনা সামাজিক মাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে, এবং বাঙালিরা তাদের সাধুবাদ জানিয়েছেন।