নতুন নিয়মে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা! খুশি পরীক্ষার্থীরা, অসুস্থ ছাত্রী হাসপাতালে দিলেন পরীক্ষা

আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার। নতুন প্রশ্ন পদ্ধতিতে ৪০ নম্বরের এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয়েছে শিক্ষার্থীদের। প্রথম দিনেই বাংলা পরীক্ষা ভালোভাবে সম্পন্ন হওয়ায় খুশি পরীক্ষার্থীরা।

কালনা মহকুমায় এ বছর প্রায় ৭ হাজারেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় বসেছে। পরীক্ষা শেষে তারা জানিয়েছে যে, নতুন পদ্ধতিটি অনেকটাই প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো হওয়ায় ভবিষ্যতে তা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।

পরীক্ষার প্রথম দিনেই এক অসুস্থ ছাত্রীকে হাসপাতালে পরীক্ষা দিতে দেখা যায়। নাদনঘাটের অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাবিনা ইয়াসমিন অসুস্থ হয়ে পড়লে তাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পর্ষদের বিশেষ উদ্যোগে সেখানেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়, যাতে তার পড়াশোনার কোনো ক্ষতি না হয়।

কালনা শহরের মহারাজা উচ্চ বিদ্যালয়, অম্বিকা স্কুল এবং কালনা হিন্দু বালিকা বিদ্যালয়সহ অন্যান্য কেন্দ্রেও পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নতুন এই পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।