সতর্ক সেনাবাহিনী, কুলগামের জঙ্গলে গুলির লড়াই! এক জঙ্গি নিহত, আহত ৩ সেনা সদস্য

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার গুড্ডার বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের তীব্র সংঘর্ষ চলছে। সোমবার সকালে শুরু হওয়া এই অভিযানে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে একজন জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। এই সংঘর্ষে সেনাবাহিনীর এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)-সহ তিনজন সেনা সদস্য আহত হয়েছেন।

জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ দল গুড্ডার বনাঞ্চলে তল্লাশি অভিযান শুরু করে। জঙ্গিরা লুকিয়ে ছিল এমন একটি নির্দিষ্ট স্থানে পৌঁছালে নিরাপত্তা বাহিনী তাদের চ্যালেঞ্জ জানায়। এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল গুলির লড়াই।

চিনার কোর (ভারতীয় সেনাবাহিনী, কাশ্মীর) এক্স (পূর্বের টুইটার)-এ পোস্ট করে জানিয়েছে, সতর্ক সেনারা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে জঙ্গিদের চ্যালেঞ্জ জানালে গুলি চালানো হয়। এরপর পাল্টা গুলিতে একজন জঙ্গি নিহত হয় এবং একজন জেসিও আহত হন। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, এখনো এলাকায় দুই থেকে তিনজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে।

জঙ্গিদের পালানোর সব পথ বন্ধ করে গোটা বনাঞ্চল ঘিরে ফেলা হয়েছে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের বাইরে চলাফেরা সীমিত রাখতে বলা হয়েছে। গত কয়েক মাসে কুলগাম এবং দক্ষিণ কাশ্মীরের অন্যান্য জেলায় সন্ত্রাসবিরোধী অভিযান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ধারাবাহিক অভিযানে বহু জঙ্গি নিহত হলেও, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা এখনো অব্যাহত। সর্বশেষ খবর অনুযায়ী, গুড্ডার বনে জঙ্গি দমন অভিযান এখনো চলছে এবং জঙ্গিদের সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত তা চলবে।