বাইক দুর্ঘটনায় আহত SSC পরীক্ষার্থীকে পুলিশের গাড়িতে কেন্দ্রে পৌঁছে দিলেন ওসি

আজ রাজ্যজুড়ে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা চলছে। এরই মধ্যে বীরভূমের সিউড়িতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হলেন এক পরীক্ষার্থী। তবে পুলিশের তৎপরতায় সময় মতো তিনি পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পেরেছেন।

সুদীপা দে নামে ওই পরীক্ষার্থী বীরভূমের মল্লারপুর থেকে বাইকে করে সিউড়ির চন্দ্রগতি স্কুলে পরীক্ষা দিতে আসছিলেন। তিলপাড়া ব্যারেজ সংলগ্ন জাতীয় সড়কে তিনি বাইক থেকে পড়ে যান এবং হাতে গুরুতর চোট পান।

দুর্ঘটনার খবর পেয়েই সিউড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহত সুদীপা দে-কে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায় নিজের গাড়িতে করে তাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। পুলিশের এই মানবিক উদ্যোগে ধন্যবাদ জানিয়েছে পরীক্ষার্থীর পরিবার এবং স্থানীয় মানুষ।

নিরাপত্তার চাদরে মুড়েছে কলকাতা

কলকাতা সহ রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। লালবাজারের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সহায়তা ও নিরাপত্তার জন্য বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন সাব-ইন্সপেক্টরের তত্ত্বাবধানে ৬-৭ জন পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া, পরীক্ষার্থীদের প্রয়োজনে ১০০ ডায়ালে ফোন করলে পুলিশ দ্রুত কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

এবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য মোট ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। রাজ্যজুড়ে মোট ৬৩৬টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে ৪১টি কেন্দ্র কলকাতায়। আজ সকাল থেকেই কমিশনের সদর দফতরকে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে।