আকাশ থেকে পাতালে AI বিপ্লব, সুন্দর পিচাই-জুকারবার্গের যুগলবন্দী রিলায়েন্সের সঙ্গে, বদলে যাবে দেশের ছবি

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা (AGM) এবার যেন শুধু একটি কর্পোরেট ইভেন্ট ছিল না, বরং তা হয়ে উঠল এক বিশ্ব প্রযুক্তি মঞ্চ। গুগল সিইও সুন্দর পিচাই এবং মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ একযোগে ভারতের এক নতুন AI যুগের সূচনা ঘোষণা করেছেন। রিলায়েন্সের সঙ্গে হাত মিলিয়ে তাঁদের লক্ষ্য, দেশের প্রতিটি ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে AI-এর সুবিধা পৌঁছে দেওয়া।
জুকারবার্গের ‘পার্সোনাল সুপার ইন্টেলিজেন্স’
মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ প্রত্যেক ভারতীয়ের জন্য ‘পার্সোনাল সুপার ইন্টেলিজেন্স’ (Personal Superintelligence) তৈরির স্বপ্নের কথা বলেছেন। তিনি বলেন, “আমরা চাই প্রত্যেক ব্যক্তিকে ব্যক্তিগত সুপার ইন্টেলিজেন্সের ক্ষমতা দিতে।” সেই লক্ষ্যপূরণে মেটা ও রিলায়েন্স যৌথভাবে কাজ করবে। তাদের ওপেন-সোর্স AI মডেলগুলো দেশের ছোট-বড় ব্যবসায়ীদের জন্য সরবরাহ করা হবে, যাতে তারা নিজেদের প্রয়োজনমতো AI টুল ব্যবহার করতে পারেন।
পিচাইয়ের ‘ডিজিটাল ভবিষ্যৎ’-এর প্রতিশ্রুতি
গুগলের সিইও সুন্দর পিচাই ভারতের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে তাদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “ভারত গুগলের জন্য সবসময়ই একটি বিশেষ জায়গা।” পিচাই ঘোষণা করেন, গুজরাটের জামনগরে গুগল একটি অত্যাধুনিক ক্লাউড পরিকাঠামো তৈরি করছে। এই কেন্দ্রটি ব্যবহার করবে শুধুমাত্র রিলায়েন্স। এর মূল লক্ষ্য হল, দেশের বড় শিল্প সংস্থা থেকে শুরু করে ছোট দোকানদার পর্যন্ত সবার কাছে AI এবং ক্লাউড কম্পিউটিং-এর সুবিধা পৌঁছে দেওয়া।
দুই মার্কিন টেক জায়ান্টের সঙ্গে রিলায়েন্সের এই যুগলবন্দী ভারতের প্রযুক্তিগত ভবিষ্যৎকে যে নতুন দিশা দেবে, তা স্পষ্ট। এখন এটাই দেখার, এই প্রযুক্তি দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলে।