আনাগোনা ছিলই, কিন্তু পুকুরে উঁকি দিতেই চোখে পড়ল বিভৎস দৃশ্য, শিশুটির নিথর দেহ ভাসছে জলে

রবিবার সকালে পুকুরের জলে এক সদ্যোজাত শিশুর দেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়াল গোঘাটের ভেলাদিঘি গ্রামে। এই অমানবিক ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও রহস্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এমন নিষ্ঠুর কাজ করল, তা নিয়ে চলছে জল্পনা।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে গ্রামের কিছু বাসিন্দা নিত্যদিনের মতো পুকুরে কাজ করতে আসেন। তারাই প্রথমে পুকুরের জলে একটি নিথর দেহ ভাসতে দেখেন। কাছে গিয়ে দেখতে পান, সেটি একটি সদ্যোজাত শিশুর দেহ। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে তারা সঙ্গে সঙ্গে গোঘাট থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় এক বাসিন্দা জানান, “সকাল সাড়ে ছ’টা থেকে সাতটা নাগাদ গ্রামের একটি মেয়ে ঘাটে এসে প্রথমে দেহটি দেখতে পায়। সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। এরপর আমরা গিয়ে দেখি একটি সদ্যোজাত শিশুর দেহ জলে ভাসছে। মনে হচ্ছে রাতের অন্ধকারে কেউ এসে শিশুটিকে ফেলে দিয়ে গেছে।”
পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে রাতের অন্ধকারে কে এই জঘন্য কাজ করল, তা এখনও অজানা। এই ঘটনা এলাকার মানুষের মধ্যে ব্যাপক শোরগোল ও শোকের জন্ম দিয়েছে।