নগরীতে নারী নিরাপত্তা ফের প্রশ্নের মুখে, জন্মদিনের পার্টিতে গণধর্ষণের শিকার তরুণী, পলাতক অভিযুক্তরা

শহরের নারী নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠল। জন্মদিনের পার্টিতে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিদেবপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাটে। বছর কুড়ির ওই তরুণী ইতিমধ্যেই হরিদেবপুর থানায় দুই যুবকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই মামলা রুজু করা হয়েছে। তবে অভিযুক্তরা এখনও পলাতক। তাদের খোঁজে জোরকদমে তল্লাশি শুরু হয়েছে।

কী ঘটেছিল সেই রাতে?

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জন্মদিনের পার্টিতে যাওয়ার পর এক অভিযুক্ত ওই তরুণীকে অন্য এক যুবকের বাড়িতে নিয়ে যায়। সেখানেই তাঁর ওপর চলে নারকীয় যৌন নির্যাতন। অভিযোগ, ধর্ষণের পর দীর্ঘ সময় ধরে ওই তরুণীকে শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়।

কোনওভাবে নিজেকে মুক্ত করে ওই তরুণী সেখান থেকে বেরিয়ে আসেন এবং পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা খুলে বলেন। এরপর পরিবারের সঙ্গেই তিনি হরিদেবপুর থানায় যান এবং অভিযোগ দায়ের করেন। পুলিশ নির্যাতিতার পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে।

কলকাতায় এমন ঘটনা এই প্রথম নয়। সম্প্রতি কসবা এবং আর জি করের মতো ঘটনায় শহরের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই রেশ কাটতে না কাটতেই হরিদেবপুরের এই ঘটনা আবারও নারী নিরাপত্তার দুর্বল দিকটি সামনে আনল।